বরিশাল নগরের জলাবদ্ধতার জন্য একে অপরকে দোষারোপ করলেন সিটি করপোরেশন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দুই মেয়র পদপ্রার্থী। অপরিকল্পিত নর্দমা এবং খাল ভরাটের জন্য সদ্য সাবেক মেয়র শওকত হোসেনকে দায়ী করেন ১৮ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিব। তবে ১৪ দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী শওকত হোসেন বলেন, তাঁর সময় কোনো খাল ভরাট হয়নি। বিগত মেয়ররা খাল ভরাট করেছেন। খাল খননের জন্য অর্থ সংগ্রহ করেও তাঁরা খাল খনন করেননি।সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। গতকাল শনিবার সকালে নগরের অশ্বিনী কুমার হলে নাগরিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিদ্বন্দ্বী তিন মেয়র পদপ্রার্থী। এ সময় নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তাঁরা।পানির লাইন না থাকলেও পানির বিল কেন নেওয়া হচ্ছে? এ প্রশ্নের জবাবে সদ্য সাবেক মেয়র শওকত হোসেন বলেন, এটা সিটি করপোরেশনের সিদ্ধান্ত নয়। সরকারি নীতিমালা অনুযায়ী পানির বিল নেওয়া হচ্ছে।নগরকে আর কিছু দেওয়ার আছে কি না? এ প্রশ্নের উত্তরে নিজের আমলে উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে শওকত হোসেন বলেন, ‘আমি চার বছর সাত মাস দায়িত্ব পালন করেছি। এ সময় আমি পরীক্ষা দিয়েছি। ১৫ জুন ফল বেরোবে।’আহসান হাবিবের কাছে প্রশ্ন ছিল, নির্বাচিত হলে বিদায়ী মেয়রের অসম্পন্ন কাজ সম্পন্ন করবেন কি না। জবাবে তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক থাকলে কাজ অব্যাহত থাকবে। তা না হলে বন্ধ করা হবে।বিদায়ী মেয়রের কাজের ধারা অব্যাহত রাখা সম্পর্কে যুবলীগ থেকে বহিষ্কৃত নেতা মেয়র পদপ্রার্থী মাহমুদুল হক খান বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিবেচনা করা হবে।’সুজনের বরিশাল শাখার সভাপতি আক্কাস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার, সনাকের সভাপতি এম মোয়াজ্জেম হোসেনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশালে সনাকের সাবেক সভাপতি ও বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল।