জলাবদ্ধতার দায় 'সবার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আ জ ম নাছির উদ্দীন
আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার সমস্যা দিনে দিনে আরও তীব্র হচ্ছে। এর দায়ভার সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তবে ‘সবাই’ কারা তা বলেননি তিনি। গতকাল সোমবার দুপুর ১২টায় আন্দরকিল্লায় নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেয়র যখন সবার ওপর দায় চাপাচ্ছেন তার আগেই ভারী বর্ষণে নগরের বিভিন্ন এলাকা তলিয়ে যায়।

 জলাবদ্ধতা নিরসন এবং বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে নেওয়া কার্যক্রম গণমাধ্যমকে অবহিত করতে ডাকা এ সংবাদ সম্মেলনে মেয়র বলেন, ‘আমরা নগরবাসীকে আশ্বস্ত করতে চাই। আমরা বসে নেই। কাজ করছি। কাজ করছি বলেই কিছু কিছু জায়গায় রেজাল্ট (ফল) পেয়েছি। এসব কাজ আরও বেগবান করা হবে।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র দাবি করেন, এলাকাভিত্তিক জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্বল্পমেয়াদে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য এবার পশ্চিম ষোলশহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। জলাবদ্ধতা সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ৫ হাজার ৬০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান মেয়র। তিনি বলেন, চীনের প্রতিষ্ঠান ‘পাওয়ার চায়না’-এর সঙ্গে জিটুজি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে অর্থায়নের প্রক্রিয়া চলছে। এ ছাড়া এ বছর নগরের বিভিন্ন খাল ও নালা-নর্দমা পরিষ্কার করার জন্য ১৮ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে কিছু কাজ সমাপ্ত হয়েছে। কিছু কাজ চলমান আছে। শ্রমিক দিয়ে নগরের গুরুত্বপূর্ণ খালগুলো থেকে নিয়মিত মাটি তোলা হচ্ছে।

নগরের আগ্রাবাদ, হালিশহর ও গোসাইলডাঙা এলাকার জলাবদ্ধতা নিরসনে মহেশ খাল খনন ও দুপাশে প্রতিরোধ দেয়াল এবং কর্ণফুলী নদীর সংযোগ মুখে জলকপাট নির্মাণসহ বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান মেয়র নাছির। এসব প্রকল্প বাস্তবায়িত হলে এসব এলাকার বাসিন্দারা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মেয়র বলেন, নগরের ৩৪টি খালের মধ্যে কয়েকটি অস্তিত্বহীন হয়ে গেছে, অনেকগুলোর পানি ধারণক্ষমতা কমে গেছে। মেয়রের দায়িত্ব নেওয়ার পর এসব খাল খনন করে পানির ধারণক্ষমতা বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করেন তিনি। জলাবদ্ধতা নিরসনের জন্য নগরের খালগুলো অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।

নগরে আর কোনো জলাধার ও জলাশয় ভরাট করতে দেওয়া হবে না বলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন মেয়র‍। তিনি বলেন, কেউ ভরাট করতে চাইলে সিটি করপোরেশন কঠোর ব্যবস্থা নেবে।

সাম্প্রতিক ভারী বর্ষণে চট্টগ্রাম নগেরর প্রায় ৩০ শতাংশ সড়ক কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান মেয়র। এতে ক্ষতির পরিমাণ পাঁচ শ কোটি টাকা। মেয়র বলেন, বৃষ্টিতে নষ্ট হওয়া সড়কগুলো ইট, ইটের খোয়া ও বালি দিয়ে সাময়িকভাবে সংস্কার করা হচ্ছে। অনুকূল আবহাওয়া পেলে ক্ষতিগ্রস্ত সড়কগুলো পিচঢালা করে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মো. মোরশেদ আলম, হাসান মুরাদ ও নাজমুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ।