চাঁদপুর সেচ প্রকল্পের (সিআইপি) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হাজীমারা রেগুলেটরের বাইরে নদীর বিশাল এলাকায় পলি জমে যাওয়ায় প্রকল্প এলাকার রায়পুরসহ ছয়টি উপজেলায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে প্রতিবছর আমন মৌসুমে নষ্ট হচ্ছে ফসল। আর বোরো মৌসুমে সেচ দেওয়া সম্ভব হয় না। এতে করে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার কৃষক।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে চাষাবাদ ও বন্যানিয়ন্ত্রণের জন্য এলাকাবাসীর দাবির লক্ষ্মীপুর সদরের আংশিক, রায়পুর ও রামগঞ্জের আংশিক, চাঁদপুর সদরের আংশিক এবং হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলার ১০০ কিলোমিটার এলাকা নিয়ে চাঁদপুর সেচ প্রকল্পের বেড়িবাঁধ নির্মাণ করা হয়। পাউবোর অধীনে ১৯৬৩ সালে প্রকল্পের কাজ শুরু ও ১৯৭৮ সালে শেষ হয়। ৫৮ কিলোমিটার আয়তনের ডাকাতিয়া নদী এ প্রকল্পের প্রধান খাল। প্রকল্পের ভেতরে ৫৭ হাজার হেক্টর ফসলি জমি ও ৫০ লাখ অধিবাসী রয়েছেন। কৃষক রয়েছেন পাঁচ লক্ষাধিক। প্রকল্পের পানি নিষ্কাশনের জন্য হাজীমারা এলাকায় নির্মিত অত্যাধুনিক স্লুইসগেট দীর্ঘদিন সংস্কার না করায় রেগুলেটরের বাইরে নদীতে পলি জমে ভরাট হয়ে গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাজীমারা রেগুলেটরের মুখে নদীতে পলি জমাট হওয়ায় বর্ষা মৌসুমে সেচ প্রকল্পের ভেতর ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ২০০৬ সালে এ কারণে প্রায় ২০০ কোটি টাকার আমন ফসল ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি টানা বৃষ্টিতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়। রামগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের কৃষক দুলাল ও মহিব উল্যা জানান, বর্ষা মৌসুমে প্রকল্প এলাকায় অতিরিক্ত পানি থাকে। এ জন্য একাধিকবার জমিতে ধান লাগালেও তা নষ্ট হয়ে যায়। আর বোরো মৌসুমে সেচের পানির সংকটে ধান জ্বলে যায়।রামগঞ্জের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, গত বোরো মৌসুমে প্রকল্পের ভেতরের প্রায় দেড় হাজার হেক্টরের বোরো ধান সেচের অভাবে নষ্ট হয়ে গেছে। ৩০০ হেক্টরে বোরো আবাদ করা যায়নি। সংযোগ খালগুলোতে পানি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সম্প্রতি তিন দিনের টানা বৃষ্টিতে রায়পুরের ৩০ হেক্টর জমির আউশ, ২০ হেক্টর জমির শাকসবজি ও ১০ হেক্টর জমির আমন বীজতলা নিমজ্জিত হয়।রায়পুরের চর আবাবিল গ্রামের কৃষক নূর হোসেন বলেন, ‘সেচ প্রকল্পের জন্য অনেক সভা-সমাবেশ ও কান্নাকাটি করেছি। এখন এই সেচ প্রকল্প নিয়ে আমরা দুর্ভোগে আছি। ২০০৬ সালে আমার ১০ লাখ টাকার পানের বরজ নষ্ট হয়ে গেছে। ওই সময় শুধু চর আবাবিল ইউনিয়নেই পাঁচ কোটি টাকার পানের বরজ নষ্ট হয়।’রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলতাফ হোসেন বলেন, জরুরি ভিত্তিতে নদী ড্রেজিং করা দরকার। স্লুইসগেটের সামনের নদীতে পলি জমাটের কারণে প্রকল্পের মূল লক্ষ্য ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে নৌকা নিয়ে জেলেরা নদীতে যেতে পারেন না।পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী ফয়েজুর রব প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত অর্থ না থাকায় পলি অপসারণ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে পাউবো সামর্থ্য অনুযায়ী রেগুলেটর দিয়ে পানি নিষ্কাশন সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।