জলাবদ্ধতার নগরে মেট্রোরেলের 'স্বপ্ন' সোলায়মানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদখল হয়ে যাওয়া খাল, নালা-নর্দমা, জলাশয় রক্ষা ও সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রামে জাতীয় পার্টি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মো. সোলায়মান আলম শেঠ। নির্বাচিত হলে জলাবদ্ধতার শহরে যানজট নিরসনে মেট্রোরেল সার্ভিস চালু করার ‘স্বপ্ন’ও দেখিয়েছেন তিনি। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।
ইশতেহারে সোলায়মান শেঠ উন্নয়নের জন্য ৩৬ দফা পঞ্চবার্ষিকী পরিকল্পনা তুলে ধরেন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এই সদস্য নির্বাচিত হলে কোন বছর কী কাজ করবেন, তারও ফিরিস্তি দেন।
সোলায়মান শেঠ বলেন, জলাবদ্ধতা চট্টগ্রামের মূল সমস্যা। এ অবস্থার উত্তরণে বেদখল হয়ে যাওয়া খাল, নালা-নর্দমা ও জলাশয়সমূহ পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নিয়ে নদীশাসনের মাধ্যমে আধুনিক চট্টগ্রাম গড়ে তোলা হবে। তাঁর প্রথম বর্ষের কর্মপরিকল্পনায় থাকবে জলাবদ্ধতা নিরসন।
দ্বিতীয় বর্ষের কর্মপরিকল্পনার মধ্যে বর্জ্য নিষ্কাশন এবং রিসাইক্লিং প্ল্যান্ট গ্রহণ করার কথা বলেছেন এই প্রার্থী। তৃতীয় বর্ষে যানজট নিরসনে মেট্রোরেল স্থাপনের পরিকল্পনা এবং চতুর্থ বর্ষে প্রতিটি স্কুল-কলেজকে ওয়াইফাই জোনের আওতায় আনার কথা বলেছেন। পঞ্চম বছরে বিলবোর্ড স্থাপনে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের কথা বলা হয়। তিনি তাঁর ডিশ অ্যানটেনা প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সম্মিলিত সচেতন নাগরিক পরিষদের সদস্যসচিব তপন চক্রবর্তী, জাপা নেতা আবদুল মিয়া, শামসুল আলম, জাহাঙ্গীর আলম, ছবির আহমেদ, সাগির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।