মঙ্গলবার বেলা দুইটা। বৃষ্টি থেমেছে ঘণ্টা খানেক আগে। তখনো সড়কে জমে আছে পানি। এতে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই চিত্র নগরের কোরবানীগঞ্জের লামা বাজার এ এ এস সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়ের সামনের সড়কের। শুধু বৃষ্টি নয়, কর্ণফুলীর জোয়ারেও এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর বর্ষা মৌসুমে তো পানি ভেঙেই চলতে হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডে বড় সমস্যা জলাবদ্ধতা।
সরেজমিন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, দেওয়ানবাজার ওয়ার্ডে গত সাড়ে চার বছরে রাস্তাঘাট সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু মূল সমস্যা জলাবদ্ধতার সমাধানে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ ছাড়া কিছু স্থানে রাখা ডাস্টবিনের বাইরে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকে নিয়মিত।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানায়, গত চার অর্থবছরে দেওয়ানবাজার ওয়ার্ডে ৬১টি উন্নয়ন প্রকল্পে ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় হয়েছে। এসব প্রকল্পের মধ্যে ছিল সড়ক পিচঢালা, কংক্রিটের রাস্তা নির্মাণ, নালা-নর্দমা, ফুটপাত ও কালভার্ট নির্মাণ ইত্যাদি। আর পুরো ওয়ার্ডে নয়টি গভীর নলকূপ স্থাপন করা হয়।
সরেজমিনে দেখা যায়, ওয়ার্ডের দিদার মার্কেটের সামনের সড়কের ওপর রাখা ডাস্টবিনে ময়লা-আবর্জনার স্তূপ জমে থাকে দিনের গুরুত্বপূর্ণ সময়জুড়ে। একই অবস্থা বিরাজ করে সাব-এরিয়া এলাকার সেতুর ওপর ডাস্টবিনটিতে। নগরের সিরাজদৌল্লা সড়কের ওপর থাকা এই দুটি ডাস্টবিনের কারণে আশপাশের লোকজনের সুস্থভাবে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম ও ব্যবসায়ী আরিফুল হক বলেন, ডাস্টবিনের আবর্জনার দুর্গন্ধে বসে থাকা কঠিন হয়ে পড়ে। অনেক সময় সকাল থেকে দুপুর পর্যন্ত ডাস্টবিনে ময়লা-আবর্জনা জমে থাকে।
এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘দিদার মার্কেটের সামনের ডাস্টবিনে নগরের ছয়টি ওয়ার্ডের ময়লা-আবর্জনা ফেলা হয়। আমি তো কাউকে বাধা দিতে পারি না। তবে এই সমস্যার সমাধান করার জন্য আরও স্টেশন বাড়ানোর প্রক্রিয়া চলছে।’
এদিকে বলুয়ারিদঘি এলাকায় সরেজমিনে দেখা যায়, ধীরে ধীরে িদঘির চারপাশে চলছে ভরাট। সেখানে নির্মাণ করা হয়েছে টিনের ঘর। এতে সংকুচিত হয়ে পড়েছে ঐতিহ্যবাহী এই িদঘি।
নগরের বলুয়ারিদঘি এলাকার সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, চাক্তাই, খাতুনগঞ্জ, কোরবানীগঞ্জের মানুষ এই িদঘিতে স্নান করতে আসেন। এ ছাড়া িদঘির সঙ্গে লাগোয়া রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী মহাশ্মশান। এখানে নিহত ব্যক্তিদের দাহ করে আত্মীয়স্বজনেরা িদঘিতে স্নান করেন। কিন্তু িদঘির চারপাশ ভরাট হয়ে যাচ্ছে। এটি রক্ষা করতে হবে। সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তরকে জানিয়েও কোনো সুফল পাওয়া যাচ্ছে না।
স্থানীয় ব্যবসায়ী শাহ আলম, আবু নঈম সিদ্দিকীসহ কয়েকজন বাসিন্দা জানান, সম্প্রতি এই এলাকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলাবদ্ধতা। বিশেষ করে জোয়ারজনিত জলাবদ্ধতায় ওয়ার্ডের নিচু এলাকা ডুবে যায়। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।
ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ বলেন, জলাবদ্ধতা শুধু দেওয়ান বাজার নয়, পুরো নগরের প্রধান সমস্যা। একজন কাউন্সিলরের একার পক্ষে এই সমস্যা সমাধান করা সম্ভব নয়। আর বলুয়ারদিঘির সংস্কার ও উন্নয়নে আন্তরিকতার অভাব ছিল না। কিন্তু দিঘিটি ব্যক্তি মালিকানাধীন। মালিকপক্ষ সহযোগিতা করলে সংস্কারকাজ করা সম্ভব।