জলাবদ্ধতার স্থায়ী সমাধান দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য অবিলম্বে পরিকল্পিত জোয়ারাধার (টিআরএম) প্রকল্প বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে। ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটি গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ স্মারকলিপি দেয়।

স্মারকলিপিতে বলা হয়েছে, ভবদহ এলাকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার ১৫০টির মতো গ্রাম, বাজারঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ফসল ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এলাকার লাখো মানুষ এখন পানিবন্দী। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে ভবদহে আগের মতো দীর্ঘমেয়াদি বিপর্যয় দেখা দেবে।

তাই মানবিক বিপর্যয় রোধে স্মারকলিপিতে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে ওই অঞ্চলের মানুষের খাদ্যনিরাপত্তা, চিকিৎসা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং বিল কপালিয়ায় টিআরএম বাস্তবায়নে গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন, আমডাঙ্গা খালের সংস্কার, ভবদহ স্লুইসগেটের মাঝ দিয়ে সরাসরি নদী-সংযোগ, হরিহর, আপারভদ্রা ও বুড়িভদ্রায় জরুরি ভিত্তিতে পলি অপসারণ, সব খাল পুনরুদ্ধার ও অবমুক্তকরণ, পাটা, জাল, শেওলা অপসারণসহ নদীর ধারে অবৈধ ঘের উচ্ছেদে দ্রুত পদক্ষেপ নেওয়া।

মতবিনিময়ের সময় সংগ্রাম কমিটির নেতারা বলেন, এ অঞ্চলের বর্তমান জলাবদ্ধতার জন্য অতিবৃষ্টি দায়ী নয়। খাল, বিল, নদী দখল করে প্রভাবশালী ব্যক্তিরা অপরিকল্পিতভাবে মাছের ঘের গড়ে তুলেছেন। এ কারণে নদীর স্বাভাবিক প্রবাহে বাধার সৃষ্টি হয়েছে। তবে সামগ্রিকভাবে নদী ও পানিব্যবস্থাপনার ত্রুটি হয়েছে। বঙ্গীয় ব-দ্বীপের স্বাভাবিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এই এলাকার নদী ও পানির ব্যবস্থাপনা হওয়া দরকার।

স্মারকলিপি দেওয়ার সময় সংগ্রাম কমিটির নেতারা জেলা প্রশাসকের সঙ্গে ভবদহ এলাকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালির নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল এ মতবিনিময়ে অংশ নেয়। সভা শেষে নেতারা বলেন, জেলা প্রশাসক আশরাফ উদ্দীন পরিস্থিতি উত্তরণে প্রয়োজনীয় ভূমিকা পালন করবেন বলে তাঁদের আশ্বস্ত করেছেন।

মতবিনিময়ে অংশ নেন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির, প্রধান সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারী রায়, যুগ্ম আহ্বায়ক গাজী আবদুল হামিদ, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়েছে, গত ১৬ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে জাতীয় এক কর্মশালা হয়। তাতে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের উপস্থিতিতে আবার টিআরএম করার সিদ্ধান্ত হয়। এতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে পানিসম্পদমন্ত্রী ঘোষণা করেছিলেন, টিআরএম বাস্তবায়নের আগে পর্যন্ত অন্তবর্তীকালে এই জনপদের দুর্ভোগ নিরসনে দুটি খননযন্ত্রের সাহায্যে পাইলট চ্যানেল চালু রাখা হবে। ভবদহ ফটকের (গেট) উজানে ও ভাটিতে ৬ কিলোমিটার অংশ খনন অব্যাহত থাকবে। ফটক উন্মুক্ত রাখা হবে। কিন্তু দুঃখজনক হলো, ১ এপ্রিল ফটক খোলা হলেও খননের কাজ শুরু হয় ২২ এপ্রিল। তবে কখনোই একসঙ্গে দুটি খননযন্ত্র কাজে লাগানো হয়নি। এর একটি এক মাসের বেশি সময় ধরে ২১ ভেন্টের পাশে অকেজো অবস্থায় পড়ে আছে। অন্যটির খবর নেই। এই কাজে দরপত্রও আহ্বান করা হয়নি। কাজ চলছে থোক বরাদ্দে। চারটি প্যাকেজে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে। প্রতিষ্ঠান দুটি হলো সনি করপোরেশন ও শুভ এন্টারপ্রাইজ। শুভ এন্টারপ্রাইজের নামে বরাদ্দ নেওয়া শ্রী নদীর নেহালপুর অংশে এখন পর্যন্ত কাজ শুরুই হয়নি। অথচ ওই কাজ সম্পন্নের শেষ সময় ৩০ আগস্ট।