জলাবদ্ধতায় অতিষ্ঠ বরিশাল নগরবাসী
সামান্য বৃষ্টি আর কীর্তনখোলা নদীতে অধিক উচ্চতার জোয়ার হলেই বরিশাল নগরের বেশির ভাগ এলাকায় পানি ওঠে। সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে নগরবাসীকে নাকাল হতে হয়। তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। দীর্ঘদিনের এ সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী।
গত শনিবার রাত থেকে রোববার দিনভর বর্ষণে নগরের ৯০ ভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে নগরবাসীকে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। এর আগে ঘূর্ণিঝড় রোয়ানুর সময়ও তাঁদের এমন নাজেহাল হতে হয়েছিল।
নগরের বিভিন্ন শ্রেণি-পেশার বেশ কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, সামান্য বৃষ্টি হলেই সদর সড়ক, গোরস্থান রোড, কালুশাহ সড়ক, বটতলা, বাংলাবাজার, কলেজ অ্যাভিনিউ, ফকিরবাড়ি সড়ক, কালীবাড়ি সড়ক, রাজাবাহাদুর সড়ক, জেলা প্রশাসক কার্যালয়, মল্লিকবাড়ি সড়ক, ব্রাউন কম্পাউন্ড, মহিলা কলেজ ও এর আশপাশ এবং নগরের পূর্বাংশের বিশাল এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন ঘর থেকে বেরোনোই মুশকিল হয়ে যায়। এ ছাড়া রাস্তায় গাড়িও তেমন চলাচল করে না। স্কুল-কলেজ ও অফিস-আদালতে যাওয়া-আসায় খুবই সমস্যা হয়। এ জলাবদ্ধতার জন্য নগরের খাল ও বিভিন্ন জলাশয় ভরাট, দখল এবং অপরিকল্পিত নগরায়ণই দায়ী। নগরের নর্দমাগুলো অপ্রশস্ত। এর ওপর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় না।
ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা দুলসাত বীথি বলেন, একটু বৃষ্টি হলেই বাড়ির সামনে ও আশপাশে পানি জমে। দুই-তিন দিনেও সে পানি নামে না। পুরো বর্ষাকাল এমন অবস্থা লেগেই থাকে। বরিশালের সামাজিক আন্দোলনের নেতা ও নাট্য সংগঠন শব্দাবলির সভাপতি সৈয়দ দুলাল ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরের খাল ও জলাশয় ভরাট করে দখল আর অপ-উন্নয়নের পরিণাম হচ্ছে এই জলাবদ্ধতা। সামনে আরও ভয়াবহ রূপ ধারণ করবে। তিনি বলেন, ১৯৯৮ সালে বটতলা খালটি ভরাট করা হয়। সেখানে এখন নর্দমা আর দুই পাশে বিপণিবিতান ও অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে। এ ছাড়া পানি ও বর্জ্যনিষ্কাশনে সিটি করপোরেশনের ব্যবস্থাপনা খুবই দুর্বল। শহর বড় হচ্ছে, বাড়ছে মানুষ। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের সুদূরপ্রসারী কোনো পরিকল্পনাও নেই। খাল ও জলাশয়গুলো সংরক্ষণ ও খননের উদ্যোগ নেওয়ার পাশাপাশি মহাপরিকল্পনা হাতে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে এ সমস্যা সমাধান করা জরুরি।
বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে নগরের খাল সংরক্ষণ, উদ্ধার ও পুনঃখননে ৯৫ কোটি ৮২ লাখ ৫৯ হাজার টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়। এ ছাড়া জলাবদ্ধতা নিরসনে ১১৯ কোটি টাকার দুটি প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছিল। কিন্তু এসব প্রকল্প আলোর মুখ দেখেনি।
জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রমজান আলী প্রামাণিক বলেন, নগরের নালাগুলো ঠিকভাবে কাজ করছে না। এ ছাড়া নগরের আশপাশের নদীগুলোর জোয়ারের উচ্চতা বৃদ্ধি জলাবদ্ধতার পেছনে একটি বড় কারণ। জরুরি ভিত্তিতে নালাগুলো নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি খালগুলোর মুখে ফটক নির্মাণ করা যেতে পারে। এতে অন্তত জোয়ারের পানি নগরে ঢুকতে পারবে না।
তবে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী খান মো. নুরুল ইসলাম বলেন, ‘পয়োনিষ্কাশনব্যবস্থার কোনো দুর্বলতা নেই। গত কয়েক দিনের জলাবদ্ধতার বিষয়টি ছিল একটা দুর্যোগ। কারণ, ৪৯ বছরের রেকর্ড ভেঙে ২১ আগস্ট বরিশালে বৃষ্টিপাত হয়েছে। তারপরও নগরের জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্প প্রস্তাবও আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এ ছাড়া এবারও এই খাতে বড় ধরনের বাজেট রাখা হয়েছে।’