জলাবদ্ধতায় ঈদ আনন্দ মাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতার কারণে দেড় মাসেরও বেশি সময় ধরে পানিবন্দী হয়ে থাকা বেড়া পৌরসভার দুই শতাধিক পরিবারে ঈদ-আনন্দ নেই। পরিবারগুলোর কারও ঘরের ভেতরে, কারও উঠোনে আবার কারও-বা বাড়িতে ঢোকার রাস্তায় দুর্গন্ধযুক্ত পচা পানি।
এ প্রসঙ্গে মৈত্রবাঁধা মহল্লার পিয়ারা খাতুন (৫২) বলেন, ‘বাড়িতে বাস করার উপায় নাই। বাড়ির উঠান, রাস্তা, এমনকি ঘরের ভেতরে পচা পানি। দুর্গন্ধে রান্না, খাওয়াদাওয়া কুনু কামই করব্যার পারি না। পচা পানি হাতে-পায়ে লাইগ্যা ঘাও হয়া গ্যাছে। যাওয়ার কুনু জায়গা না থাকায় এহানে পইড়া আছি। এ অবস্থায় আমাগরে ঈদের আনন্দ শ্যাষ হয়া গেছে।’
পৌরবাসী সূত্র জানায়, সামান্য বৃষ্টিতেই বেড়া পৌরসভার বিভিন্ন এলাকায় প্রতিবছর জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর এবার বৃষ্টি হয়েছে রেকর্ড পরিমাণ। ফলে মাস দুয়েক আগেই জলাবদ্ধতার কবলে পড়ে শেখপাড়া, বনগ্রাম, চরপাড়া, সান্যালপাড়া, শাহপাড়া, হাতিগাড়া, বরশিলা, মৈত্রবাঁধা, সানিলা, জোড়দহসহ বেশির ভাগ মহল্লা। নিষ্কাশনব্যবস্থা না থাকায় গত দুই মাসে এসব মহল্লার জলাবদ্ধতা তো কমেইনি, বরং অব্যাহত বৃষ্টিতে বেড়েছে। বিশেষ করে গত কয়েক দিনের টানা বর্ষণে জলাবদ্ধতা স্মরণকালের সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে।
সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার অর্ধশতাধিক পরিবারের বসতঘরের ভেতরে পচা দুর্গন্ধযুক্ত পানি। ঘরে বাস করার উপায় না থাকায় অনেক পরিবারই বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে অন্যত্র। আবার দেড় শতাধিক পরিবারের উঠোনে ও যাতায়াতের রাস্তায় রয়েছে পানি। এসব পরিবার অস্বাস্থ্যকর পরিবেশে মানবেতর অবস্থায় দুই দিন কাটাচ্ছে। পরিবারগুলোর অনেকেই চর্মরোগ, পেটের পীড়াসহ নানা অসুখে আক্রান্ত হয়ে পড়েছে। জলাবদ্ধতার শিকার পরিবারগুলোতে দেখা যায়নি ঈদের আনন্দ।
শেখপাড়া মহল্লার মাবিয়া খাতুন (৪৫) বলেন, ‘কিছুদিন আগে ঘরে নাতি জন্ম নিছে। আশা ছিল এবারের ঈদ আত্মীয়স্বজন নিয়্যা আনন্দের সঙ্গে পালন করার। কিন্তু ঘরে পানি হওয়ায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়া আছি। এ অবস্থায় ঈদের আনন্দ আমাগরে মাটি হয়া গ্যাছে।’ মাবিয়ার প্রতিবেশী আজগার শেখ (৫০) বলেন, ‘এবারের মতো এত পানি জীবনে দেহি নাই। পরায় (প্রায়) দুই মাস হলো বাড়িঘর ছাইড়্যা অন্যের বাড়িতে আশ্রয় নিয়্যা আছি। নিজ বাড়িতে ঈদ করার ভাগ্য এবার আমাগরে নাই।’
বেড়া পৌরসভার প্যানেল মেয়র আবদুস সামাদ মহলদার বলেন, ‘স্থায়ীভাবে জলাবদ্ধতা দূরীকরণের ব্যাপারে আমরা ইতিমধ্যেই পরিকল্পনা নিয়েছি। আর ঈদের আগে জলাবদ্ধতা কমানোর ব্যাপারে আমরা আন্তরিক। এ জন্য ইতিমধ্যেই আমরা কয়েকটি মহল্লায় পাইপ বসিয়ে সেচযন্ত্রের মাধ্যমে পানি বের করার চেষ্টা করছি।’