জলাবদ্ধতায় এক হাজার একরের আমন ধান নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ পৌর এলাকার এক হাজার ৭৫০ একর জমির আমন ধানের খেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে এক হাজার একর জমির আমন ধান নষ্ট হয়ে গেছে। গত সপ্তাহে টানা কয়েক দিনের বৃষ্টিতে এসব জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌর এলাকা ও আশপাশের খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি না সরার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে আমনের ফলন অনেক কম হবে বলে কৃষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন। নোয়াখালীর সেনবাগ পৌর এলাকার উত্তর শাহাপুর গ্রামের কৃষক মো. মানিক জানান, তিনি ২৪-২৫ হাজার টাকা খরচ করে প্রায় তিন একর জমিতে রোপা আমন চাষ করেছিলেন। গত সপ্তাহের অতিবৃষ্টিতে তাঁর খেত তলিয়ে যাওয়ায় ধানগাছ পচে গেছে। এলাকার কয়েকজন কৃষক জানান, বৃষ্টির পানি কিছুতেই সরছে না। তাই অধিকাংশ জমির ফসলই ইতিমধ্যে পচে গেছে। উত্তর সাহাপুর গ্রামের কৃষক খোরশেদ আলম জানান, তাঁদের প্রায় এক একর জমির ফসল জলাবদ্ধতার কারণে পচে গেছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ২০ হাজার একর জমিতে রোপা আমন চাষ হয়েছে। গত সপ্তাহে অতিবৃষ্টির কারণে পৌর এলাকার এক হাজার ৭৫০ একর জমির রোপা আমনের খেতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে প্রায় এক হাজার একর জমির ফসল অনেকটাই নষ্ট হয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, পৌর এলাকার আশপাশের খালগুলো ভরাট হয়ে গেছে। এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধার মুখে পড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।