জলাবদ্ধতায় কৃষকের মাথায় হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের খাইঞ্জার হাওর এলাকায় জলাবদ্ধতায় প্রায় ৫০০ কৃষকের আমন ধান নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জলাবদ্ধতার জন্য স্থানীয় কোদালীছড়ায় (খালে) নির্মাণ করা একটি জলকপাটকে (স্লুইসগেট) দায়ী করেছেন। তবে কর্তৃপক্ষ জলকপাট নয়, ছড়া ভরাট হওয়ায় সমস্যাটি হচ্ছে বলে জানিয়েছে।
সরেজমিনে গত ২৯ অক্টোবর দেখা যায়, এলাকার আমন ধানের খেত থেকে পানি নেমে গেলেও কোথাও কোথাও কাদা। আবার কোথাও জমি ফেটে চৌচির। তবে জমিতে পচা ধানগাছের গোড়া এখনো রয়ে গেছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আনুমানিক ৭০০ থেকে ৮০০ একর জমির ধান জলাবদ্ধতায় নষ্ট হয়েছে। এতে মোস্তফাপুর ইউনিয়নের লামা জগন্নাথপুর, গন্ধর্বপুর, ভুজবল, পাগুলিয়া, মোস্তফাপুর, গয়ঘর, উপর জগন্নাথপুরসহ আশপাশের গ্রামগুলোর অন্তত ৫০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভাদ্র মাস থেকে প্রায় দেড় মাস ধানগাছগুলো অন্তত দেড় থেকে দুই ফুট পানির নিচে ছিল। কৃষকদের অভিযোগ, শুকিয়ে যাওয়া হাওরের মধ্য দিয়ে প্রবাহিত কোদালীছড়ার আজমেরুতে জলকপাট বানানোর পর থেকেই এ অবস্থা। সঠিক স্থান বাছাই না করে এবং জলকপাটটির পানিপ্রবাহের পথ যথেষ্ট প্রশস্ত না হওয়ায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। উপরন্তু জলকপাটের মুখে কচুরিপানা ও লতাপাতা আটকে পানি বের হতে না পেরে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার সদর উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, শুকনো মৌসুমে খাইঞ্জার হাওর এলাকায় বোরোখেতে সেচসুবিধার জন্য ২০১৩ সালে দাতা সংস্থা জাইকার অর্থায়নে জলকপাটটি নির্মাণ করা হয়।
পানিতে নষ্ট হওয়া ধানখেত দেখিয়ে গয়ঘর গ্রামের আদর মিয়া (৪৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সুইসগেটের আগে এত পানি অইছে না। গেটটা দিয়াই আমরার সর্বনাশ করছে। দুগাঙের মুখে (খাইঞ্জার হাওরের একটি স্থান) দিলে এত ক্ষতি অইত না।’ তাঁর আট বিঘা জমির আমন ধান নষ্ট হয়েছে।
লামা জগন্নাথপুর গ্রামের আনর মিয়া বলেন, ‘আমার ১৫ কিয়ার (বিঘা) খ্যাতে এখন খালি মাটি পড়ি রইছে। এবার টাইট (কঠিনভাবে) মরা মরছি। পরিবার লইয়া কেমনে চলতাম!’
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রুমেল আহমদ বলেন, ‘অন্তত ৫০০ কৃষকের আমনখেত নষ্ট হয়েছে। কোদালীছড়ার ভাটির অংশ ভরাট ও ঝোপজঙ্গলে ভরে যাওয়ায় পানি কাটতে পারে না। পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে আলাপ চলছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী লুৎফুল বারী গত ৩০ অক্টোবর বলেন, ‘স্থানীয়ভাবে ৪০০ থেকে ৫০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। জমির পরিমাণ হিসাব করা হয়নি। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করার চেষ্টা করছি।’
এলজিইডি মৌলভীবাজার সদর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, ‘শুকনো মৌসুমে পানি সেচ দিতে স্লুইসগেটটি করা হয়েছে। এরা (কৃষকেরা) আসল সমস্যাটি বোঝে নাই। প্রধান সমস্যা হচ্ছে, কোদালীছড়ার ভাটির দিকে পানি কাটে না। সেখানে পানি না কাটলে উজানে যত কিছুই করা হোক লাভ হবে না।’ তিনি আরও বলেন, ভাটির দিকে হাইল হাওর পর্যন্ত খাল কাটা ও পরিষ্কার করা হলে অবস্থার উন্নতি হতে পারে। এ জন্য একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।