জলাবদ্ধতায় কেশবপুরে ভোগান্তিতে ৭০০ পরিবার
ঘরের মধ্যে কোমর পানি। তাই খাটের ওপর মালামালসহ বসবাস করতে হচ্ছে। অনেকে মাচা তৈরি করে তার ওপর কোনো রকমে অবস্থান নিয়েছে। যাদের ঘর পানিতে ডুবে আছে তারা আশ্রয় নিয়েছে উঁচু স্থানে, সড়কে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে। এই করুণ অবস্থা যশোরের কেশবপুরের পাঁচটি গ্রামের ৭০০ পরিবারের। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তারা পানিবন্দী হয়ে পড়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, কপোতাক্ষে নাব্যতা না থাকায় বৃষ্টির পানি সরতে পারেনি। তাই তাদের গ্রামগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিদ্যানন্দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমার জানান, ইউনিয়নের রেজাকাঠী, বগা, মহাদেবপুর, নেহালপুর ও আওলগাতী গ্রামের প্রায় ৭০০ পরিবারের চার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কিছু পরিবারের বসতঘরও ভেঙে গেছে। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ভিত্তিতে খাদ্যসামগ্রী সরবরাহ করা প্রয়োজন।বুধবার বগা মাঠপাড়া ও নেহালপুর গ্রামে গিয়ে দেখা যায়, এই দুটি গ্রামের প্রতিটি বাড়িতেই পানি ঢুকে পড়েছে। মানুষজন ঘরের ভেতরে খাটের ওপরে অবস্থান নিয়ে। কেউ কেউ বাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। বগা মাঠপাড়ার সালিমা বেগম জানান, এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হওয়ায় বসতঘর পানিতে ডুবে আছে। এ কারণে তিনি বগা সাগরদাড়ি সড়কে এসে উঠেছেন। একই গ্রামের নাছিমা বেগম জানান, পানি উঠে যাওয়ায় তিনি চুলায় রান্না করতে পারছেন না। নেহালপুর গ্রামের মকবুল হোসেন বলেন, পানি বেড়ে পাওয়ায় তিনি বাড়ি ছেড়ে নেহালপুর মহিলা মাদ্রাসায় উঠেছেন। একই গ্রামের আবদুর রাজ্জাক বলেন, বিল অপেক্ষা নদের পানি উঁচু হওয়ায় বৃষ্টির পানি নদে পড়েনি। এ কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির বিদ্যানন্দকাঠী ইউনিয়ন কমিটির আহ্বায়ক আবদুর রাজ্জাক বলেন, গত বছরও এ এলাকায় পানি ওঠে। এখনো মানুষ ঘরবাড়ি তৈরি করতে পারেনি। তিনি বলেন, এই পানি আরও তিন মাস থাকবে। আগামী ডিসেম্বর পর্যন্ত মানুষকে পানির মধ্যেই বসবাস করতে হবে।উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন বলেন, ‘আমি এলাকা ঘুরে এসেছি। আমাদের এলাকার জলাবদ্ধতার সমস্যা দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে। এ সমস্যা সমাধান করতে হলে কপোতাক্ষ নদ খনন করতে হবে।’ উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোহামঞ্চদ মনজুর আলম বলেন, ‘সরকারিভাবে জলাবদ্ধ মানুষদের খাদ্য-সহায়তার দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আবেদন জানিয়েছি।’