জলাবদ্ধতায় ক্রেতাদের দুর্ভোগ হতাশ বিক্রেতারা
টানা বৃষ্টিতে ময়মনসিংহ শহরের প্রধান প্রধান সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ কারণে গতকাল বৃহস্পতিবার পানির মধ্যে শহরের বিভিন্ন এলাকার বিপণিবিতানে যেতে ক্রেতারা দুর্ভোগে পড়েন। এ ছাড়া জলাবদ্ধতার কারণে ঈদবাজারে বেচাকেনা কিছু সময়ের জন্য কমে যাওয়ায় ব্যবসায়ীরা চিন্তিত হয়ে পড়েন। বৃষ্টির কারণে নান্দাইল উপজেলা শহরের ফুটপাতের ব্যবসায়ীদেরও বেচাকেনা ভালো হয়নি।
সরেজমিনে দেখা গেছে, গত বুধবার দিবাগত রাত থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত হওয়া বৃষ্টিতে ময়মনসিংহ শহরের ‘মার্কেটপাড়া’ হিসেবে পরিচিত গাঙ্গিনারপাড়, স্টেশন রোড ও নতুন বাজারের সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যেই ঈদের কেনাকাটা করতে বের হওয়া মানুষ জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েন। দুপুর ১২টা থেকে বৃষ্টি কিছুটা কমতে শুরু করে। ওই সময়ও শহরের গাঙ্গিনারপাড় ও স্টেশন রোডের বিপণিবিতানগুলোতে বেশি ক্রেতা দেখা যায়নি।
গাঙ্গিনারপাড় এলাকায় একটি শাড়ির দোকানে গিয়ে দেখা যায়, মাত্র তিনজন ক্রেতা। দোকানি জানান, ঈদের মাত্র এক দিন আছে। আজ (গতকাল বৃহস্পতিবার) এই সময়ে দোকানে তিলধারণের জায়গা থাকার কথা না। অথচ সকাল থেকে ক্রেতা না আসায় বিক্রি তেমন একটা নেই।
কয়েকজন ক্রেতা জানান, ময়মনসিংহ ছাড়াও নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে ঈদের কেনাকাটা করার জন্য অনেকে ময়মনসিংহ শহরে আসেন। কিন্তু জলাবদ্ধতার কারণে বিভিন্ন জায়গায় তাঁরা আটকা পড়েন। তাঁরা জানান, ঈদের আগে আর মাত্র এক দিন সময় আছে। এর মধ্যে প্রয়োজনীয় কেনাকাটা সারতে হবে।
শহরের ওই সব এলাকায় ফুটপাতের পাশে সড়কের ওপর ঈদ উপলক্ষে গড়ে ওঠা অস্থায়ী দোকানের মালিকেরাও পড়েন দুর্ভোগে। তাঁদের হাঁটুসমান পানিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে। পানির কারণে তাঁদের বেচাকেনা একেবারেই বন্ধ ছিল। একজন দোকানি বলেন, ঈদের এক দিন আগে আজ (গতকাল) জমজমাট বেচাবিক্রি হওয়ার কথা। অথচ পানির জন্য কোনো ক্রেতা নেই। তবে বেলা একটার পর থেকে পানি নামতে শুরু করলে ক্রেতাদের ভিড় বাড়তে দেখা যায়।
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে ফুটপাতের বিক্রেতারা লাগাতার বৃষ্টির কারণে এবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরেজমিনে দেখা যায়, শহরের বিশাল মার্কেট, রইছ উদ্দিন মার্কেট, স্বপ্নিল প্লাজার ভেতরে অবস্থিত দোকানগুলোতে ক্রেতারা ঠাসাঠাসি হয়ে ঈদের কেনাকাটা করছেন। একাধিক ক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, ফুটপাত থেকে যে জিনিস সস্তায় কেনা যায়, বৃষ্টির কারণে তা বেশি দাম দিয়ে বাধ্য হয়ে বিপণিবিতানের ভেতরে অবস্থিত দোকান থেকে কিনতে হচ্ছে। ফুটপাতের দোকানিরা বৃষ্টির কারণে দোকান খুলতেই পারছেন না। জাহাঙ্গীর আলম নামে এক বিক্রেতা জানান, বৃষ্টি না থাকলে এবার তাঁদের দোকানগুলোতে বিক্রি-বাট্টা ভালো হতো।