জলাবদ্ধতায় ক্ষতি ১৯ কোটি টাকা
ভারী বর্ষণে রংপুরের মিঠাপুকুরে জলাবদ্ধতা তৈরি হয়ে প্রায় ১ হাজার ৩০০ হেক্টরের সবজিখেত নষ্ট হয়ে গেছে। এতে চাষিদের ক্ষতির পরিমাণ ১৯ কোটি টাকা হয়েছে বলে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, উপজেলার ক্ষতিগ্রস্ত লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আনুমানিক ৩০ একর জমির কাঁকরোল খেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে এই এক গ্রামেই চাষিদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬০ লাখ টাকা।
উপজেলার লতিবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে প্রতিবছরই চাষিরা কাঁকরোল চাষ করেছেন। বছরের মার্চ মাসের দিকে কাঁকরোলের বীজ লাগানো হয়। জুলাইয়ের মাঝামাঝি থেকে ফসল বিক্রি করতে শুরু করেন চাষিরা। এরই মধ্যে খেতের চার ভাগের এক ভাগ ফলন বিক্রি করতে পেরেছেন তাঁরা। বাকিটা আর বিক্রি করা হলো না।
চাষিরা বলেন, প্রতি একর থেকে কাঁকরোল চাষিদের প্রায় দুই লাখ টাকা আয় হয়। এবার পানিতে তলিয়ে যাওয়ায় গ্রামের প্রায় ৩০ একর কাঁকরোল খেত পচে যায়।
নিশ্চিন্তপুর গ্রামের ক্ষতিগ্রস্ত চাষি বলেন, ১০ বছর থাকি সবজি চাষ করতোছি। বৃষ্টি হইছে। কিন্তু এমন অবস্থা আগোত কখনো হয় নাই। এবার হামরা শেষ হয়া গেছি।’
জাহেদুল ইসলামের পুরো কাঁকরোল খেত নষ্ট হয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন। তিনি বলেন, ‘লোনের ওপর টাকা নিয়া সবজি চাষ করছি। পানিতে তলে গিয়ে সবজি নষ্ট হওয়ায় লোনের টাকা কেমন করি যে শোধ করি চিন্তা ধরি গেইছে।’ তিনি আরও বলেন, অন্য বছর বৃষ্টির পানি এভাবে খেতে জমে থাকে না। এ বছর পানি না সরায় গ্রামের অন্তত ৭০ জন চাষির কাঁকরোল খেত পুরো নষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি বছর এ উপজেলায় ১ হাজার ৯৫০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। সম্প্রতি টানা বর্ষণে পানিতে তলিয়ে গিয়ে ১ হাজার ৩২০ হেক্টর জমির সবজিখেত নষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, এ কয় দিনের ভারী বর্ষণে সবজিখেত তলিয়ে গিয়ে চাষিদের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৯ কোটি ৫ লাখ টাকা। বিষয়টি ঢাকায় ওপর মহলে জানানো হয়েছে। সেখান থেকে কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে দেখে গেছেন। তিনি আরও বলেন, এভাবে আগে কখনো সবজিখেত নষ্ট হওয়ার খবর পাওয়া যায়নি। গ্রামের কৃষিজমিতেও অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ হওয়ায় বৃষ্টির পানি সরতে না পেরে এ জলাবদ্ধতা তৈরি হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।
লতিবপুর ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, বছরের পর বছর ধরে এ এলাকায় সবজি চাষ হয়ে আসছে। কিন্তু এবার যে কী হলো। ক্ষতিগ্রস্ত চাষিদের মুখের দিকে তাকানো যায় না।