জলাবদ্ধতায় ক্ষতি ৫০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে নগরের অধিকাংশ সড়ক নষ্ট হয়ে গেছে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায়। এমনকি বর্ষা মৌসুমের আগে সংস্কার করা সড়কেরও বেহাল দশা দাঁড়িয়েছে। সিটি করপোরেশনের দাবি, এসব সড়কে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকার।
বরিশাল সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, এ বছর অতিবৃষ্টির কারণে নগরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উঁচু-নিচু সব সড়কেই কয়েক দিন পরপর পানি জমে। এতে বিটুমিন উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে অসংখ্য। যদিও সড়কে খোয়া ফেলে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেওয়ার কাজ চলছে। কিন্তু বৃষ্টি কমলে সব সড়কই সংস্কার করতে হবে। এ জন্য জরুরি অর্থ বরাদ্দের প্রয়োজন।
সরেজমিনে দেখা গেছে, নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (সদর রোড) সড়ক, হাসপাতাল রোড, আলেকান্দা, বাংলাবাজার সড়ক ও বটতলা সড়কের ভাঙা অংশে খোয়া ফেলে ও বালু দিয়ে অস্থায়ীভাবে মেরামতের চেষ্টা করছে সিটি করপোরেশন। কিন্তু খানাখন্দে পানি জমে থাকায় কয়েক মুহূর্তের মধ্যেই গাড়ির চাকায় সেই খোয়া-বালু সরে গিয়ে আবার কাদাপানিতে রূপ নিচ্ছে।
খানাখন্দে বেহাল দশা দাঁড়িয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের। এগুলো হলো ফজলুল হক অ্যাভিনিউ, রাজা বাহাদুর সড়ক, জিলা স্কুল সড়ক, জীবনানন্দ দাশ (বগুড়া রোড) সড়ক, পুলিশ লাইন রোড, মল্লিক রোড, নতুন বাজার সড়ক, ব্রজমোহন কলেজ সড়ক, কলেজ রোড, স্ব-রোড, নৌবন্দর সড়ক, হাসপাতাল সড়ক ও বান্দ রোড। এসব সড়কের অধিকাংশ স্থানে বিটুমিন উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। গাড়ি চললেই কাদাপানিতে সয়লাব হয়ে যায় পুরো রাস্তা।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোতালেব হাওলাদার বলেন, সড়ক নিয়ে এবারের মতো আর সমস্যায় পড়তে হয়নি। প্রতি বর্ষা মৌসুমেই কিছু সড়কের ক্ষতি হয়। কিন্তু এমন অবস্থার সৃষ্টি হয়নি। এবার অতিবৃষ্টির কারণে কয়েক দিন সড়ক ডুবে ছিল। তাতেই নষ্ট হয়ে গেছে অধিকাংশ সড়ক। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০ কোটি টাকা। সাময়িক কাজ চালাতে এখন গর্ত ভরাটের চেষ্টা চলছে। তবে স্থায়ীভাবে এসব সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
মেয়র আহসান হাবিব কামাল বলেন, সড়ক সংস্কারে জরুরি উদ্যোগ নেওয়া হলেও এ বছর অতিবৃষ্টিতে তীব্র সমস্যা হচ্ছে। এ মুহূর্তে কমপক্ষে ৫০ কোটি টাকা জরুরি বরাদ্দ পাওয়া না গেলে সড়কগুলো সংস্কার করা কঠিন হয়ে পড়বে। তিনি বলেন, ‘এ ব্যাপারে মন্ত্রণালয়ে একটি প্রকল্প পাঠানো হয়েছে। আশা করি, মন্ত্রণালয় বিষয়টি জরুরি বিবেচনায় নেবে। এর আগে বৃষ্টি কমে এলে নিজস্ব অর্থায়নে প্রাথমিক সংস্কার কাজ শুরু করা হবে।’