জলাবদ্ধতায় গাজীপুরের ভোগড়া শিল্পাঞ্চল
গত কয়েক দিনের বৃষ্টিতে গাজীপুরের ভোগড়া শিল্পাঞ্চলের অধিকাংশ বসতবাড়ি ও কারখানায় পানি উঠে গেছে। তলিয়ে গেছে পথঘাট। প্রতিবছর বর্ষা মৌসুমে এমন জলাবদ্ধতা এ এলাকার নিত্য সমস্যা হলেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এর সমাধানে এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি।এলাকাবাসীর অভিযোগ, ভোগড়া এলাকায় পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। অবস্থা এতটাই শোচনীয় যে অনেকের বাড়িতে এখন রান্নারও সুযোগ নেই। টিউবওয়েল ও টয়লেট গেছে তলিয়ে। দেখা দিয়েছে খাওয়ার পানির সংকট। মলমূত্র ও নর্দমার ময়লাসহ বিভিন্ন আবর্জনা পানিতে মিশে এক অসহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে।সোমবার সরেজমিনে দেখা যায়, এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের ভেতরে পানি ঢুকে পড়েছে। এতে ওই সব প্রতিষ্ঠানের কাজকর্ম বন্ধ হয়ে আছে। শ্রমজীবী মানুষেরা হাঁটুপানি ভেঙে তাদের গন্তব্যস্থলে ছুটছে। বিশেষভাবে দুর্ভোগে পড়েছে শিশু, নারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।বাসন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আতাউর রহমান বলেন, ভোগড়া বাইপাস সড়কের উত্তরে ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিমে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এ এলাকায় সারা বছরই কমবেশি জলাবদ্ধতা লেগে থাকে। এ অবস্থায় একটু বৃষ্টি হলেই পুরো এলাকা ডুবে যায়। কখনো কখনো পানি ফেঁপে মহাসড়কও উপচে পড়ে।এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর পৌরসভার মেয়র আবদুল করিম বলেন, দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে সময় এবং স্থানীয় জনগণ, জেলা প্রশাসন ও সড়ক-জনপথের (সওজ) সহযোগিতা প্রয়োজন।