জলাবদ্ধতায় জনদুর্ভোগ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকার অর্ধশতাধিক ঘরবাড়ি ও একটি সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্র জানায়, কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকার প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পথচারীরা জনপ্রতি পাঁচ থেকে ১০ টাকা দিয়ে রিকশা ও ভ্যানযোগে ২০০ মিটার রাস্তা পার হচ্ছে। এ ছাড়া এলাকার অর্ধশতাধিক বাড়িতে বৃষ্টির পানি ঢুকে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কয়েক দিন ধরে পানি না সরায় অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এসব বাড়ির বাসিন্দারা জানান, সাত-আট দিন আগে বাড়িতে বৃষ্টির পানি ঢুকে পড়ে। বৃহস্পতিবার পর্যন্ত পানি কিছুটা কমলেও শুক্রবার রাতের বৃষ্টিতে আবারও পানি বেড়ে গেছে।গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, পৌরসভার হরিণহাটি এলাকার প্রবেশমুখে রাস্তায় হাঁটুপানি। হরিণহাটি এলাকার সোহেল রানা বলেন, এলাকার পানিনিষ্কাশনের নর্দমাগুলোতে ময়লা-আর্বজনা জমে সংকুচিত হয়ে গেছে। এতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। একটু বৃষ্টি হলেই বাড়িঘরসহ রাস্তাঘাটগুলো পানিতে তলিয়ে যায়। শেফালী আক্তার বলেন, ‘বাড়ি থেকে পানি না সরায় আমাগো ঈদের আনন্দ এবার পানির নিচেই চাপা পড়ছে।’কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সামছুল আলম সরকার বলেন, ওই এলাকায় অপরিকল্পিতভাবে ঘরবাড়ি, দোকানপাট ও শিল্পকারখানা গড়ে ওঠায় অনেক স্থানে পানিনিষ্কাশনের নর্দমাগুলো সংকুচিত হয়ে পড়েছে। এতে পানি স্বাভাবিক গতিতে সরতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, দ্রুত পানিনিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা দূর করা হবে।