জলাবদ্ধতায় দুই হাজার বিঘা জমিতে আমন চাষ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার তিনটি বিলে অপরিকল্পিতভাবে পুকুর খনন ও খালের মুখ বন্ধ করে দেওয়ায় দুই হাজার বিঘা জমিতে আমন ধানের চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। বিলে রোপণ করা ধানখেতও পানিতে তলিয়ে গেছে।
এলাকার লোকজন বিলের পানি নিষ্কাশন ও পুকুরের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দিয়েছেন। ইউএনও এ বিষয়ে তদন্ত করার জন্য উপজেলা ভূমি জরিপ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন।
ইউএনও নাছরিন আক্তার বলেন, সরকারি খাল দখল করে বাঁধ নির্মাণ করা হলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সকালে মাড়িয়া, ঝিকরা ও বড়বিহানালী ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত হয়ে ওই স্মারকলিপি দেন। এতে উল্লেখ করা হয়, ইউনিয়ন তিনটির শোলাকাড়িয়া, গাড়িয়াবান্দা ও আন্ধারিয়া বিলে অপরিকল্পিতভাবে আটটি পুকুর খনন করা হয়েছে। ওই এলাকার মজিবুর রহমান, রবিউল আলম, মাহাবুর রহমান, আনোয়ার হোসেন, মন্টু, জাহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও শহিদুল ইসলাম নামের আটজন প্রভাবশালী ব্যক্তি কয়েকজন কৃষকের কাছ থেকে জমি ইজারা নিয়ে এসব পুকুর খনন করেন। তাঁরা বিল থেকে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে সরকারি জমিতে বাঁধ নির্মাণ করেছেন। এ ছাড়া বিলের পানি নিষ্কাশনের রনশিবাড়ি খালের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে চলতি বর্ষা মৌসুমে বিলে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ কারণে রবিশস্য চাষাবাদেও সমস্যা হবে।
কোহিতপাড়া গ্রামের চাষি ইউনুছ আলী, পিদ্দপাড়ার আবদুল হান্নান, ঝাড়গ্রামের আবুল কালামসহ ১২-১৩ জন চাষি বলেন, চলতি মৌসুমে তাঁরা আমন চাষের জন্য জমি তৈরি করেছেন। তবে কয়েক দিনের বৃষ্টিতে তাঁদের জমি পানিতে তলিয়ে গেছে।
গতকাল সরেজমিনে শোলাকাড়িয়া ও গাড়িয়াবান্দা বিলে গিয়ে যত্রতত্র পুকুর দেখা যায়। প্রতিটি পুকুরের চারপাশে উঁচু পাড়। বিলে বৃষ্টির পানি জমে রয়েছে।
আফজাল হোসেন নামের এক চাষি বলেন, তিনি ১৬ কাঠা জমিতে আমন ধান চাষ করেন। তবে এবার জমি তলিয়ে থাকার কারণে চাষ করতে পারেননি।
বড়বিহানালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, প্রভাবশালী ব্যক্তিরা অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে বিলটিতে এবার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর আগে প্রশাসনকে পুকুর খনন বন্ধের বিষয়ে অভিযোগ দিলেও কাজ হয়নি।
পুকুর খননকারী আনোয়ার হোসেন ও রবিউল ইসলাম বলেন, তাঁরা পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে পুকুর খনন করেছেন। তবে মাহাবুর রহমান নামের আরেক ব্যক্তি পানি নিষ্কাশনের পথ বন্ধ করে পুকুর খনন করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
মাহাবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কীভাবে পানি নিষ্কাশন করে চাষাবাদের ব্যবস্থা করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।