জলাবদ্ধতায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পাঁচ দিনের বৃষ্টিতে মাগুরা শহরের এক-তৃতীয়াংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। পানি অপসারণের জন্য পর্যাপ্ত ও পরিকল্পিত নর্দমা না থাকায় এমন ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা গেছে, মাগুরা পৌরসভার কলেজ, আদর্শ, হাসপাতাল, পিটিআই, তাঁতীপাড়াসহ সব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তা পানির নিচে চলে গেছে। নর্দমা দিয়ে পানি সরছে না। পানি সরতে না পারায় সদর হাসপাতাল চত্বরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাসপাতালের মেঝে পর্যন্ত পানি ছুঁই ছুঁই করছে। আরেকটু বৃষ্টি হলেই হাসপাতালের ভেতর পানি উঠে যাবে।মাগুরা সিভিল সার্জন এ কে এম শফিকুল আলম বলেন, ‘জলাবদ্ধতার কারণে আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি। আরেকটু হলেই আমাদের স্টোর রুমে পানি ঢুকে পড়বে। হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসিক ভবনে পানি ঢুকে পড়েছে।’কলেজপাড়ার বাসিন্দা হায়াত সাইফ বলেন, ‘আমার ঘরের মেঝেই হাঁটুপানি। পৌর কর্তৃপক্ষের এ ব্যাপারে কোনো মাথাব্যথা নেই। তা ছাড়া নর্দমায় জমে থাকা ময়লা-আবর্জনা পানিতে মিশে আরও সমস্যার সৃষ্টি করেছে।’মাগুরা পৌরসভার মেয়র মো. আলতাফ হোসেন বলেন, ‘মূলত অপরিকল্পিত নর্দমা এবং নর্দমা তৈরির ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আমি মাত্র চার মাস মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি। পানি সরানোর চেষ্টা করা হচ্ছে।’বাঁধ কাটতে বাধা, ইটপাটকেল নিক্ষেপ, পুলিশসহ আহত ৩কলেজপাড়া ও আদর্শপাড়ায় সৃষ্টি হওয়া জলাবদ্ধতা দূর করার জন্য গত বুধবার সকালে পৌর কর্তৃপক্ষ শহরের ছায়াবাণী সিনেমা হল এলাকার খালের মুখের বাঁধ কেটে দেওয়ার চেষ্টা করে। স্থানীয় ভায়না এলাকার মানুষ বাঁধ কাটতে বাধা দেয়। পরিস্থিতি দেখতে পৌর মেয়র আলতাফ হোসেন কয়েকজন কাউন্সিল ও পুলিশ নিয়ে সেখানে যান। এ সময় বিক্ষুব্ধ লোকজন পৌর মেয়রসহ পৌরসভার কর্মচারী ও শ্রমিকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ও জনতার মধ্যে বেশ কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইটের আঘাতে সাখাওয়াত হোসেন নামের এক কাউন্সিলর আহত হন। পরে পৌর কর্তৃপক্ষ ওই খালের মুখে থাকা বাঁধ না কেটে ফিরে আসেন।পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, ওই খালের বাঁধ কেটে দিলে ভায়না এলাকার লোকজন অসুবিধায় পড়বে। এ কারণে তারা বাধা দিয়েছিল। তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শটগানের চারটি গুলি ছুড়েছে।