জলাবদ্ধতায় নাকাল কুমিল্লা নগরবাসী
ছয় ঘণ্টার অবিরাম বর্ষণে জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে কুমিল্লা নগরের বাসিন্দারা। জলাবদ্ধতার কারণে নগরের শত শত ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, শনিবার রাত চারটার পর থেকে গতকাল রোববার সকাল ১০টা পর্যন্ত টানা বৃষ্টিতে শহরের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। অতিবৃষ্টির কারণে নালা উপচে সড়কের মধ্যে পানি জমে যায়। কোথাও কোথাও নির্মাণসামগ্রী ফেলে নালা ও সড়ক অবরোধ করে রাখায় পানি বাসাবাড়িতে ঢুকে পড়ে। সরেজমিন গতকাল দুপুরে দেখা গেছে, স্টেডিয়াম এলাকার সব দোকানপাটে পানি প্রবেশ করেছে। ঝাউতলা এলাকায় দুই অতিরিক্ত জেলা প্রশাসকের বাসভবনে পানি থইথই করছে। নগরের বাদুড়তলা এলাকার শহীদ ধীরেন্দ্রনাথ সড়ক, সিটি করপোরেশনের পশ্চিম পাশের সড়ক, শহীদ সামসুল হক সড়ক, ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, রেসকোর্স, দৌলতপুর ছায়াবিতান ও টমছমব্রিজ নিউ হোস্টেলে পানি ঢুকে একাকার হয়ে গেছে। সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক বলেন, বর্ষা মৌসুমের আগেই নগরে বিভিন্ন নালা পরিষ্কার করা হয়েছে। জনগণের অসচেতনতা, সড়ক ও নালার মধ্যে নির্মাণসামগ্রী ফেলে রাখায় পানি নামতে পারেনি। অনেক জায়গায় খালের মুখ বন্ধ করে দিয়েছে অসচেতন জনগোষ্ঠী। করপোরেশন জলাবদ্ধতা নিরসনের জন্য মহাপরিকল্পনা নিয়েছে। সেটি বাস্তবায়িত হলে জনগণকে আর ভোগান্তি পোহাতে হবে না।