জলাবদ্ধতায় নাকাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা। কলেজের ছাত্রীনিবাস, ছাত্রাবাস, অধ্যক্ষের বাসভবন ও একাডেমিক ভবনগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ছাড়া কলেজের অভ্যন্তরীণ সব সড়কেই পানি জমে আছে। কলেজের ধর্মপুর ডিগ্রি শাখায় পানি না নামার কারণে ১৫ দিন ধরে শিক্ষা-কার্যক্রম ব্যাহত হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া ছাড়া সেখানে কোনো ক্লাস হচ্ছে না। কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, ৬ ও ৭ মের বৃষ্টিতে কলেজ ক্যাম্পাসে পানি জমে যায়। পুরো কলেজ ক্যাম্পাস এখন জলমগ্ন। নবাব ফয়জুন্নেছা ছাত্রীনিবাস, অধ্যক্ষের বাসভবন, বিজ্ঞান ভবন, সাইকেল স্ট্যান্ড, কাজী মোতাহার হোসেন ভবন, কলা ভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবন, অর্থনীতি ভবন, শহীদ জিয়া মিলনায়তন ও প্রশাসনিক ভবনের সামনে ১৫ দিন ধরে পানি জমে আছে। পানির পচা গন্ধের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের নাক টিপে চলাফেরা করতে হচ্ছে। সরেজমিনে দেখা যায়, কলা ভবনের ১০৮ ও ১০৯ নম্বর কক্ষে পানি জমে আছে। কলা ভবনের পেছনের সড়কে কচুরিপানা ও শেওলা জমে আছে। শহীদ জিয়া মিলনায়তনের সামনে পানি থই থই করছে। কোথাও হাঁটুসম পানি আবার কোথাও কোমরসম পানি। কেউ কেউ জুতা হাতে এক ভবন থেকে অন্য ভবনে যাচ্ছেন।কলেজের অনেক শিক্ষার্থী বলেন, কলেজের পশ্চিম পাশের একটি নালা বন্ধ করে দিয়ে বহুতল ভবন নির্মাণ করায় এই জলাবদ্ধতা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক হলের একাধিক ছাত্রী বলেন, সামান্য বৃষ্টি হলেই হলের ভেতর পানি জমে যায়। ওই পানি সরতে সময় লাগে। পানি চলে যাওয়ার পর সড়কে শেওলা জমে থাকে। শেওলার কারণে পা পিছলে পড়ে অতীতে বেশ কয়েকজন ছাত্রী আহত হয়েছেন।হলের শিক্ষার্থীরা বলেন, পানি না নামার কারণে সাপ ও পোকামাকড়ের উৎপাত বেড়ে গেছে। তাঁরা জলাবদ্ধতা নিরসনে স্থায়ী প্রকল্প নেওয়ার দাবি জানান। জানতে চাইলে নবাব ফয়জুন্নেছা ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক বিলকিস বেগম বলেন, ‘পানি না নামার কারণে পচা পানির ওপর দিয়েই আমাদের চলাফেরা করতে হচ্ছে।’ কলেজের অধ্যক্ষ মো. আবুল কাসেম মিয়া বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে ১৪ লাখ ৩৮ হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে। এতে অন্তত সড়ক ও শ্রেণীকক্ষগুলো কিছুটা উঁচু করা যাবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তাঁদের শিগগিরই কাজ শুরু করার অনুরোধ করেছি।’ তিনি বলেন, কলেজের আশপাশে পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় কলেজ জলমগ্ন হয়ে পড়ে।