বগুড়ার শেরপুর পৌরসভায় জলাবদ্ধতার কারণে প্রতিবছর পাকা সড়কগুলো ক্ষতিগ্রস্ত (ড্যামেজ) হচ্ছে। মূলত শহরের ১২টি মহল্লার মধ্য দিয়ে গেছে এসব সড়ক। আর্থিক সংকটে পৌর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত সড়কগুলো যথাসময়ে সংস্কারের উদ্যোগ নিতে না পারায় এগুলো দিয়ে যাতায়াতে দুর্ভোগে পোহাতে হচ্ছে পথচারীদের।
যেসব মহল্লার ভেতর দিয়ে এই সড়কগুলো গেছে সেগুলো হলো পৌর শহরের বসাক পাড়া (বকুলতলা), সরদার পাড়া, পোদ্দার পাড়া, টাউন কলোনি, কলেজ রোড, উপজেলা পরিষদ সড়ক, প্রফেসর পাড়া, শ্রীরামপুর পাড়া, বাগানবাড়ী, উলিপুর, দত্তপাড়া ও সান্যালপাড়া মহল্লার সড়ক।
শেরপুর পৌরসভার প্রকৌশলীর দপ্তরের তথ্যমতে, সড়কের ওপর জলাবদ্ধতা তৈরি হওয়ায় পৌরসভায় প্রতিবছর ১৫ থেকে ২০ ভাগ পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে প্রতিবছর ক্ষতি হচ্ছে প্রায় এক কোটি টাকা। সূত্রমতে, প্রথম শ্রেণির এই পৌরসভার নয়টি ওয়ার্ডে প্রায় ২৬ কিলোমিটার সড়কের মধ্যে পাকা সড়ক আছে সাড়ে ১২ কিলোমিটার। এ ছাড়া সাড়ে ১০ কিলোমিটার ইটের সলিং ও ঢালাই সড়ক এবং তিন কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী হুরমায়ূন কবির এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কগুলোর পাশে পানিনিষ্কাশনের নালাগুলো দিয়ে পানি বের হতে না পারায় রাস্তার ওপর পানি জমে থাকে। বর্ষাকালের পাশাপাশি শুষ্ক মৌসুমেও শহরের ছয়টি সড়কের কিছু অংশে জলাবদ্ধতা জিইয়ে থাকে। শুধু জলাবদ্ধতার কারণেই প্রতিবছর পৌরসভায় ১৫ থেকে ২০ ভাগ পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পৌরসভার সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, পৌরসভার নিজস্ব তহবিলে অর্থসংকট রয়েছে। তাই ক্ষতিগ্রস্ত সড়কগুলো প্রতিবছর দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া যায় না।
সরেজমিনে ৩ নভেম্বর দেখা যায়, ওই সব মহল্লায় সড়ক-সংলগ্ন বাসাবাড়ির পানি এসে পড়ে সড়কের পাশ দিয়ে যাওয়া নালায়। কিন্তু এসব নালা দিয়ে পানি নিষ্কাশিত হতে পারে না। ফলে পানি জমে সড়ক জলাবদ্ধ হয়ে পড়ে।
ওই সব মহল্লার অন্তত ২০ জন বাসিন্দা বলেন, প্রতিবছর বর্ষার সময় সড়কের ওপর জমে থাকা পানি মহল্লার বাড়িঘরে ঢুকে পড়ে দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়। এ সমস্যা নিয়ে পৌরসভায় একাধিকবার অভিযোগ দেওয়া হয়েছে। সমাধানে আশ্বাসও পেয়েছেন অনেকবার, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি।
বসাক পাড়ার বাসিন্দা উত্তম চক্রবর্তী বলেন, মহল্লার পানিনিষ্কাশনের ব্যবস্থা না করে তিন বছর আগে তাঁদের মহল্লার সড়কটি পৌর কর্তৃপক্ষ পাকা করায় তাঁদের কোনো উপকারে আসেনি; বরং পাকা সড়ক জলাবদ্ধ হয়ে থাকায় দুর্ভোগ বেড়েছে। বর্ষার সময় মহল্লার বিভিন্ন বাড়িতে বৃষ্টির পানি ঢুকে পড়ে।
সরদার পাড়ার বাসিন্দা শাহিন হোসেন বলেন, তিন বছর আগে তাঁদের মহল্লার সড়কটি পাকা করে পৌরসভা। কিন্তু সড়কের ওপর পানি জমে থাকায় এই পাকা রাস্তা থেকে ছয় মাসের মধ্যে পিচ-পাথর উঠে একাধিক খানাখন্দ তৈরি হয়েছে।
শেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম বলেন, বিগত সময়ে তাঁর ওয়ার্ডের মহল্লাগুলোতে পানিনিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না করেই সড়কগুলো শুধু পাকা করা হয়েছে। এ কারণে পাকা সড়কের ওপর পানি জমে থাকায় তা বেশি দিন টেকেনি।
শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার বলেন, শহরের যেসব মহল্লায় রাস্তা জলাবদ্ধ থাকে, সেগুলো চিহ্নিত করে পাশ দিয়ে গভীর নালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারসহ পানিনিষ্কাশনের নালাগুলো নিয়মিত পরিষ্কারের উদ্যোগও নেওয়া হয়েছে।