জলাবদ্ধতায় বিলীন ঈদের আনন্দ
ঈদুল ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। অথচ মৌলভীবাজার ও সিলেটের হাকালুকি হাওরপারের বিভিন্ন গ্রামের লোকজনের মধ্যে এ নিয়ে কোনো উচ্ছ্বাস নেই। কারণ দীর্ঘ জলাবদ্ধতায় তাঁদের সেই উচ্ছ্বাস ভেসে গেছে। এসব গ্রামের লোকজন প্রায় চার মাস ধরে পানিবন্দী। বাড়িঘর-রাস্তাঘাট-ফসলি জমি সব তলিয়ে আছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণ ও জুড়ী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত এপ্রিলের শেষ দিকে হাকালুকি হাওর উপচে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাকালুকি হাওরপারের ৫৩টি গ্রামে অকালবন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়। পানিবন্দী হয়ে পড়ে প্রায় দেড় লাখ মানুষ। সূত্র জানায়, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জুড়ী নদীর শাখার মোহনায় বুড়িকোয়ারি বিলের কাছে ২০০৪ সালে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ করায় এবং মূল নদীর মোহনায় পাশের দুটি ইটভাটার খোয়া ফেলে রাখায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এর আগে জুড়ীর মূল ও শাখা নদী দিয়ে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে ঢলের পানি নিষ্কাশন হতো।সরেজমিন গতকাল মঙ্গলবার দুপুরে কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, দীর্ঘ জলাবদ্ধতায় লোকজন অসহনীয় দুর্ভোগে আছে। জুড়ীর সদর জায়ফরনগর ইউনিয়নের সোনাপুর গ্রামের দিনমজুর জামাল মিয়া ঘরে বাঁশের মাচা বেঁধে প্রায় তিন মাস ধরে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করছেন। তাঁর স্ত্রী আলেহা বেগম চোখ মুছতে মুছতে বলেন, ‘বাইচ্চারারে ঠিকমতো খাওয়াইতামউ পারি না। তাইনোরও (স্বামী) কোনো কামকাজ নাই। সামনে ঈদ। বাইচ্চারা নতুন জামা চাইছে। কিনতে যে টেখা লাগব ইটা তারারে বুঝাইতাম পারিয়ার না।’ কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামের হাছনু মিয়া ক্ষোভের সঙ্গে বলেন, ‘মন্ত্রী-এমপি আর বড় বড় অফিসার হখলে আইয়া দেখিয়া গেলা। অইলটা কিতা! আগর পানি তো আগর মতোউ আছে।’বড়লেখার তালিমপুর ইউনিয়নের মুর্শিবাদকুরা গ্রামের বিধবা আপ্তারুন নেছা বলেন, ‘ঘরো খানিউ নাই। আবার ঈদ!’ তাঁর দুই ছেলে এলাকার সচ্ছল এক ব্যক্তির জমিতে বর্গাচাষ করতেন। এবার জমি তলিয়ে থাকায় তাঁরা ফসল ফলাতে পারেননি। তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুরমান আলী জানান, তাঁর এলাকার ১৩টি গ্রামের প্রায় ১২ হাজার লোক এখনো পানিবন্দী। লোকজন আমনের ফসল করতে পারেনি। এর আগে বোরো ফসল ঘরে তোলার আগেই তলিয়ে গেছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান গতকাল বলেন, ‘জলাবদ্ধ লোকজনের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি। ত্বরিত সিদ্ধান্ত না নিলে দুর্ভোগ আরও বাড়বে।’পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊত্তর-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী নূরুল আলা বলেন, ‘সম্প্রতি সরেজমিন জলাবদ্ধ কয়েকটি এলাকা পরিদর্শন করেছি। বাঁধ ও দুটি স্থাপনার বিষয়ে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। সামগ্রিক বিষয় উল্লেখ করে করণীয় জানতে চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি প্রতিবেদন দেওয়া হবে। ’সিলেটের বিভাগীয় কমিশনার মো. গোলাম রব্বানী গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঈদের পর পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’