জলাবদ্ধতায় ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকনা না থাকায় পাবনা পৌর এলাকায় নবনির্মিত পাঁচ কিলোমিটার নালা (ড্রেন) ময়লা-আবর্জনায় ভরে গেছে। নালা দিয়ে ঠিকমতো পানি নিষ্কাশন না হওয়ায় একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে। সড়ক ও বাড়িতে পানি জমে থাকায় অতিষ্ঠ হয়ে উঠেছে পৌরবাসী।পৌরসভা সূত্রে জানা গেছে, বিগত দুই অর্থবছরে পানি নিষ্কাশনের জন্য পৌর এলাকার রাধানগর, শালগাড়িয়া, দিলালপুর, কৃষ্ণপুরসহ বিভিন্ন এলাকায় পাঁচ কিলোমিটার নালা নির্মাণ করা হয়েছে। এসব নালার সংযোগ দেওয়া হয়েছে ইছামতী নদীতে।কিন্তু পৌরবাসীর অভিযোগ, পৌরসভা অপরিকল্পিতভাবে নালাগুলো নির্মাণ করেছে। নবনির্মিত এসব নালার কোথাও ঢাকনা দেওয়া হয়নি। ফলে ময়লা-আবর্জনায় পরিপূর্ণ হয়ে অকেজো হয়ে গেছে নালাগুলো।ছোট শালগাড়িয়া মহল্লার শহীদুর রহমান জানান, গত এক সপ্তাহের বৃষ্টিতে এ মহল্লার মানুষ ঘর থেকে বের হতে পারছে না। প্রতিটি বাড়ির সামনের সড়কে হাঁটুসমান পানি জমে আছে। বিষয়টি পৌর কর্তৃপক্ষকে কয়েক দফা জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।শান্তিনগর মহল্লার বাসিন্দা কাজী বাবলা বলেন, ‘বৃষ্টি বাড়লেই আমাদের কষ্ট বাড়ে। মনে হয় না যে পৌর এলাকায় বাস করি। বৃষ্টির দিনে আমাদের মহল্লায় গ্রামের চেয়েও খারাপ অবস্থা।’পৌরসভার নির্বাহী প্রকৌশলী তাবিবুর রহমান বলেন, বাজেটের কারণে নালার ঢাকনা দেওয়া সম্ভব হয়নি। তবে নালা খোলা থাকলে পরিষ্কার করা সহজ হয়। পৌরসভা নিয়মিত পরিষ্কারের কাজ করছে।মেয়র কামরুল হাসান জলাবদ্ধতার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘পাবনায় জলাবদ্ধতা এক দিনের সমস্যা নয়। দীর্ঘদিন ধরে এ অবস্থা সৃষ্টি হয়ে আসছে। তবে জলাবদ্ধতা যেন না হয়, সেদিকে খেয়াল রাখছি। এ ক্ষেত্রে ড্রেনগুলো পরিষ্কার রাখার জন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করি।’