জলাবদ্ধতায় যাত্রীদের ভোগান্তি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় প্রায় ২০০ মিটার সড়ক সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার কারণে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঈদের আগেই রাস্তার এই অংশটি সংস্কার করা না হলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সম্প্রতি দৌলতদিয়া ফেরিঘাট সড়কের বিভিন্ন স্থানে সংস্কারকাজ করলেও টার্মিনাল থেকে লঞ্চঘাট মোড় পর্যন্ত প্রায় ২০০ মিটার অংশের কাজ না করায় সামান্য বৃষ্টিতেই সেখানে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। দ্রুতগামী যানবাহন চলাচলের সময় পানি ও কাদার ছিটায় পথচারী-যাত্রীদের পোশাক ও আশপাশের দোকানের খাবার নষ্ট হচ্ছে। অনেকে পা পিছলে কাদাপানিতে পড়ে যাচ্ছেন। এতে অনেকের মূল্যবান সামগ্রী নষ্ট হচ্ছে।গত বুধবার সরেজমিনে দেখা যায়, এক পাশে ইট বিছানো ফেরিঘাট সড়ক, মাঝখানে প্রস্থে দুই মিটার ও দৈর্ঘ্যে প্রায় ২০০ মিটার জায়গাজুড়ে জলাবদ্ধতা। পাশেই পানিনিষ্কাশনের নালা। সড়কের ওপর যানবাহনের দীর্ঘ সারি। নালার ওপর দিয়ে যাত্রীরা সাবধানে চলাচল করছে। কারণ, পা একটু পিছলে গেলেই পড়তে হবে কাদাপানিতে।হোটেল ব্যবসায়ী দীপক কুমার বলেন, ‘সারা রাস্তা কিছুদিন আগে ঠিকঠাক করলেও এইখানে কার জন্য ফেলে রেখেছে বুঝি না। একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে। মাঝেমধ্যে রিকশা-ভ্যান উল্টে যায়। এমনকি অনেক যাত্রী পা পিছলে কাদাপানিতে পড়ে যান। দ্রুতগামী গাড়ির ছোটাছুটিতে কাদাপানি ছিটে দোকানের জিনিসপত্র নষ্ট হয়ে যায়।’ বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক জহির উদ্দিন বলেন, ‘ফেরিঘাটে যেতে টার্মিনালের পর থেকে লঞ্চঘাট মোড় পর্যন্ত যাত্রীদের চলাচলে অনেক সমস্যায় পড়তে হয়। এ বিষয়ে আমরা বলেও কিছু করতে পারি না। আর ঈদের আগেই যদি রাস্তার এই অংশটুকু সংস্কার করা না হয় তাহলে যাত্রীদের ভোগান্তির সীমা থাকবে না।’সওজ রাজবাড়ীর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘পানিনিষ্কাশনের জন্য গত অর্থবছরে প্রায় ১৩ লাখ টাকা খরচ করে নালা করা হয়েছিল। নালা দিয়ে পানিনিষ্কাশন হলেও কিছু কিছু স্থানে কাদার কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে পড়ে। গত ১৮ জুলাই ফেরিঘাট সড়কের ২০০ মিটার অংশের জলাবদ্ধতা নিরসনে ১০ লাখ ১৯ হাজার টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। একই সঙ্গে ফেরিঘাট সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ ঈদের আগেই সংস্কার করা হবে।’