জলাবদ্ধতায় রোপা আমন ধান নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজানের পানিতে নাটোরের চলনবিল এলাকার রোপা আমন ধান দীর্ঘদিন ডুবে থাকায় প্রায় দুই হাজার হেক্টর জমির ধানের আবাদ ব্যাহত হয়েছে। এর মধ্যে ৯০০ হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

িসংড়া উপজেলার শেরকোল, চৌগ্রাম, চামারী, হাতিয়ান্দহ ইউনিয়নে চলনবিলের অংশবিশেষ ঘুরে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উজান থেকে গুড়, আত্রাই, নাগর, বারনই ও চানগঙ্গা নদ-নদী বেয়ে চলনবিলে বন্যার পানি ঢুকে পড়ে। এতে চলনবিল তীর এলাকার জমিতে চাষ করা রোপা আমন ও বীজতলা পানিতে তলিয়ে যায়। পরে বন্যার পানি কমে যায়। কিন্তু এ মাসের শুরুর দিকে ওই চলনবিল এলাকায় ঢুকে পড়া পানি এখনোপুরোপুরি নেমে যায়নি। এতে করে অধিকাংশ জমির ধানের পাতা ও কাণ্ড পচে গেছে।

গত বৃহস্পতিবার চৌগ্রাম ইউনিয়নের জামতৈল এলাকায় গিয়ে দেখা যায়, পানি নেমে যাওয়ার পর কোনো কোনো জমির ধানগাছ দেখাই যাচ্ছে না। এসব ধানগাছ পচে মাটির সঙ্গে মিশে গেছে।

শেরকোল ইউনিয়নের তেলিগ্রামের কৃষক মজির উদ্দিন বিশ্বাস বলেন, উত্তর থেকে নেমে আসা ঢলের পানিতে এ মাসের শুরুতে চলনবিলের পানির উচ্চতা বেড়ে যায়। এতে আগাম চাষ করা আমন ধানের ক্ষতি হয়েছে।

চৌগ্রামের আতাউল গণি বলেন, ধানের পাশাপাশি অনেক বীজতলাও তলিয়ে গিয়েছিল। এসব বীজতলার চারা মরে গেছে। বীজের অভাবে নতুন করে আর চারা রোপণ করা সম্ভব হয়নি। তাই পানি কমলেও চারার অভাবে তার মতো অনেকের জমি অনাবাদি পড়ে আছে। ফলে এই এলাকায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।

চামারী গ্রামের আবুল বাসার বলেন, ‘এমনিতেই এবার হাতে নগদ টাকা নাই। ধারদেনা করি তিন বিঘা জমিতে আমনের চারা রোপণ করিছিনু। সব নষ্ট হয়ে গেছে। এখন নতুন করি চারা তৈরি করা সম্ভব হচ্ছে না। শুধু শুধু জমি ফেলা রাখতে হবি।’

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, এ মাসের শুরুতে উজানের পানি চলনবিলে প্রবেশ করায় উপজেলার মোট ১ হাজার ৮৫০ হেক্টর জমি পানিতে তলিয়ে গিয়েছিল। পানি নেমে যাওয়ার পর দ্বিতীয় দফা জরিপ করা হয়। তাতে দেখা গেছে, সর্বশেষ ৯০০ হেক্টর জমির ধান সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কোনো কোনো চাষি অন্য জেলা থেকে চারা এনে নতুন করে রোপণ করছেন বলে তিনি খবর পেয়েছেন। তবে এখন নতুন বীজতলা তৈরি করে রোপা আমনের চাষ করা কোনোভাবেই সম্ভব নয় বলে তিনি মনে করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, চলনবিল এলাকার একমাত্র ফসল ধান। আগে শুধু শীতে একবার ধান উৎপাদিত হতো। তবে কয়েক বছর ধরে চলনবিলের তীরবর্তী জমিতে বর্ষা মৌসুমেও ধানের আবাদ হচ্ছে। এবার বন্যার পানির দাপটে বর্ষার ধান উৎপাদন ব্যাহত হয়েছে।