জলাবদ্ধতায় সাতক্ষীরার ১৩০০ একর জমি অনাবাদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার রায়পুর বিলে জলাবদ্ধতার কারণে প্রায় এক হাজার ৩০০ একর জমিতে বোরো আবাদ হচ্ছে না। এতে এলাকার প্রায় দুই শ কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রায়পুর বিলের পানি নিষ্কাশন না হওয়ায় এ জলাবদ্ধতা তৈরি হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, আগে এই বিলের পানি নতুন খাল ও শ্যাম খাল দিয়ে হাড়কাটা এলাকার শ্রীজাঙাল স্লুইসগেট দিয়ে কপোতাক্ষ ও বেতনা নদীতে পড়ত। বর্তমানে শ্রীজাঙাল স্লুইসগেটটি অকেজো হয়ে পড়েছে। আর কপোতাক্ষ নদ ও বেতনা নদীতে পলি জমে অনেকটা ভরাট হয়ে গেছে। ফলে দুই বছর ধরে বোরো মৌসুমে বিলের এক হাজার ৩০০ একর জমির প্রায় পুরোটা এবং আমন মৌসুমে প্রায় অর্ধেক জমি অনাবাদি থাকছে। এ কারণে অনেক কৃষক চরম কষ্টে দিন কাটাচ্ছেন।গত শুক্রবার উপজেলার বল্লী ইউনিয়নের রায়পুর গ্রামে গেলে কল্যাণ সরদার জানান, বিলের সাত বিঘা জমির ফসলের টাকায় তাঁদের সংসার চলত। জলাবদ্ধতার কারণে দুই বছর ধরে জমি চাষ করতে পারছেন না। জমি চাষ করতে না পেরে ব্যাংকের ঋণ শোধ করতে পারছেন না রায়পুর গ্রামের ছবেদ সরদার, জবেদ সরদার, সাজউদ্দিন সরদার, শফিউল ইসলামসহ অনেকেই। জমি বিক্রি করে দেওয়ার ইচ্ছা থাকলেও ক্রেতা পাচ্ছেন না।রায়পুর গ্রামের কৃষক নাসিরউদ্দিন মোড়ল জানান, বল্লী ইউনিয়নের নারায়ণপুর, ঘরচালা, রায়পুর, হাজীপুর, কুশোডাঙা, সম্বলডাঙাসহ ১৭টি গ্রামের ২০০ কৃষকের পরিবার এ বিলে উৎপাদিত ফসলের ওপর নির্ভরশীল। তিনি আরও জানান, বল্লী ইউনিয়নের প্রায় ২৫ হাজার লোকের মধ্যে ১৫ হাজারই এই জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত।সদর উপজেলার রায়পুর, কুশোডাঙা, সম্বলডাঙা, হাজীপুর, নারায়ণপুরসহ কয়েকটি গ্রামের অর্ধশতাধিক কৃষক জানান, রায়পুর বিলে জলাবদ্ধতার কারণে শুধু বল্লী ইউনিয়ন নয়, সদরের লাবসা ও তালার নগরঘাটাসহ কয়েকটি ইউনিয়নের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে নগরঘাটা ও ঢুক্কীতে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। তাঁরা বেতনা নদীর শ্রীজাঙাল স্লুইসগেটের মাধ্যমে জোয়ারের সময় লোনা পানি তোলেন। ঘের শুকানোর সময় শ্যালো মেশিন দিয়ে লোনা পানি রায়পুর বিলে ফেলেন।উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার রায় বলেন, জলাবদ্ধতার কারণে ওই বিলের এক হাজার ২৩০ একর জমি অনাবাদি থাকছে। জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে একটি প্রকল্প তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক আবদুস সামাদ জানান, রায়পুর বিলের জলাবদ্ধতা দূরীকরণে স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের নিয়ে আলোচনা করা হয়েছে। ধাড়িয়ারখালী খালের হাড়িকাটায় সেতু নির্মাণ এবং নতুন খাল খনন করে দুই ধারে উঁচু বাঁধ দিয়ে রায়পুর বিলের পানি বেতনা অথবা কপোতাক্ষে ফেলার ব্যাপারে অনেকেই সম্মতি দিয়েছেন। প্রস্তাবটি সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।