জলাবদ্ধতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চারটি ও পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার একটি হাওরে বোরো চাষ করতে পারছেন না কৃষকেরা। এতে প্রায় চার হাজার হেক্টর জমিতে বোরো চাষের আবাদ ব্যাহত হচ্ছে। হাওরগুলো হলো জগন্নাথপুরের নলুয়া, মইয়া, পিংলা, মোমিনপুর ও নবীগঞ্জের রৌয়ার।জগন্নাথপুরের কৃষকেরা জানান, উপজেলার নলুয়া, মইয়া, পিংলা ও মোমিনপুর হাওরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব হাওরের জমিতে কোথাও হাঁটু, আবার কোথাও কোমরপানি জমে আছে। একইভাবে পার্শ্ববর্তী নবীগঞ্জের রৌয়ার হাওরেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হাওরটি থেকে পানি নিষ্কাশনের উপায় না থাকায় এখানকার এক হাজার হেক্টর জমিতে বোরো চাষ ব্যাহত হচ্ছে।নলুয়ার হাওরের কৃষক ইকড়ছই গ্রামের কাজল মিয়া জানান, জলাবদ্ধতার কারণে তিনি আট কেদার (৩০ শতকে এক কেদার) জমিতে বোরোর আবাদ করতে পারছেন না। একই অভিযোগ ভূরাখালী গ্রামের সাইদুর রহমানের। তিনি জানান, নলুয়া হাওরে প্রায় দুই হাজার হেক্টর জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে তিনি তাঁর ২৪ কেদার জমিতে চাষাবাদ করতে পারছেন না।জগন্নাথপুরের পার্শ্ববর্তী নবীগঞ্জের রৌয়ার হাওরের রৌয়ারখাঁ স্লুইসগেট দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় এখানেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে এ হাওর-সংলগ্ন মিলিক, হালিতলা, তারণগাঁও, বেরিগঞ্জ, বালিকান্দি, রাইয়াপুর গ্রামের কৃষকেরা চাষাবাদ করতে পারছেন না। মিলিক গ্রামের কৃষক জমশেদ মিয়া বলেন, স্লুইসগেট দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় রৌয়ার হাওরে কোমরপানি জমে আছে। এতে চাষাবাদ ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ‘পানি নিষ্কাশনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি।’জগন্নাথপুর হাওর উন্নয়ন পরিষদের নেতা শহিদুল ইসলাম জানান, এখনই বোরো চাষের উপযোগী সময়। কিন্তু জলাবদ্ধতার কারণে নলুয়ার হাওরের দুই হাজার ও অন্যান্য হাওরের আরও এক হাজার হেক্টর জমিতে কৃষকেরা বোরো চাষ করতে পারছেন না। কৃষি বিভাগকে পরিস্থিতি জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন ভূঁইয়া বলেন, ‘হাওরের পানি ধীরে ধীরে কমে আসছে। আশা করছি, কিছুদিনের মধ্যেই জলাবদ্ধতা কেটে যাবে।’অন্যদিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুল ইসলাম জানান, কৃষি বিভাগকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।