জলাবদ্ধতায় ১৫০০ হেক্টর জমিতে ধান চাষ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হালতি বিলের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের দাবিতে গত মঙ্গলবার স্থানীয় চাষিরা মানববন্ধন করেন l প্রথম আলো
হালতি বিলের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের দাবিতে গত মঙ্গলবার স্থানীয় চাষিরা মানববন্ধন করেন l প্রথম আলো

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে জলাবদ্ধতার কারণে প্রায় দেড় হাজার হেক্টর জমির ইরি-বোরোর চাষ ব্যাহত হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিরা খালের কিছু অংশ দখলে নিয়ে ভরাট করে ফেলায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খাল খননের দাবিতে গত মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা।

গত মঙ্গলবার সরেজমিনে হালতি বিল এলাকায় গিয়ে জানা যায়, ১৯৮১ সালে হালতি বিলে ব্রহ্মপুর থেকে মোহনপুর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে জিয়া খাল নামে একটি খাল খনন করা হয়েছিল। স্থানীয়কিছুসংখ্যকপ্রভাবশালী ব্যক্তি ধান চাষের জন্য এই খাল দখল করে ভরাট করেছেন। বিশেষ করে খোলাবাড়িয়া এলাকায় খালটির মুখ ভরাট হয়ে এক কিলোমিটার অংশে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে বাঁশিলা, সোনাপাতিল, তেঘরিয়া, মাধনগর, খোলাবাড়িয়া, হালতি, পাটুলসহ আটটি গ্রামের কয়েক শ কৃষকের প্রায় দেড় হাজার হেক্টর জমি পানিতে তলিয়ে আছে। বিলের পানি এই খাল হয়ে নদীতে নামতে পারছে না। পানি জমে থাকায় চাষিরা ধানচাষের জন্য জমি তৈরি করতে পারছেন না। ফলে চলতি মৌসুমে ইরি-বোরোর চাষ ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা বিষয়টি ইতিমধ্যে স্থানীয় সাংসদ, কৃষি কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে প্রতিকার চেয়েছেন।

জরুরি ভিত্তিতে খালটি সংস্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্য মঙ্গলবার দুপুরে এলাকার কয়েক শ কৃষক খালের পাশে মানববন্ধন করেন। এ সময় তেঘরিয়া গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান বলেন, ‘হালতি বিলে বছরের এই একটি (শুষ্ক মৌসুম) সময় ধান চাষ করা যায়। ধান রোপণের সময় চলে যাচ্ছে, অথচ আমরা জমি তৈরি করতেই পারছি না। খালের মাটি দ্রুত সরানো না গেলে এবার ধান চাষ করা যাবে না। আর এটা যদি হয়, তাহলে আমরা খাব কী?’ বাঁশিলা গ্রামের আমানউল্লাহ বলেন, ‘গতবারও একই সমস্যা হয়েছিল। সরকারিভাবে কোনো উদ্যোগ না নেওয়ায় আমরা নিজেরা চাঁদা তুলে খাল সংস্কার করে ধান চাষ করেছিলাম। এবার পরিস্থিতি আরও খারাপ। আমরা সরকারের কাছে দ্রুত খালটি সংস্কার করার দাবি করছি।’

মাধনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গফুর মণ্ডল বলেন, হালতি বিলের এটা একটা ভয়ানক সমস্যা। প্রতিবছরই এ সময় কৃষকেরা আন্দোলনে নামেন। কিন্তু স্থায়ী সমাধান হয় না। পানি উন্নয়ন বোর্ড নাটোরের নির্বাহী প্রকৌশলী সুন্ধাশুকুমার বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে আমাদের কাছে আবেদন জমা দিয়েছে কি না, তা আমার জানা নাই। আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, পানি ঠিকঠাক নেমে গেলে হালতি বিলে দুই থেকে আড়াই শ হেক্টর জমিতে জলাবদ্ধতাথাকার কথা। কিন্তু পানি নামতে পারছে না। তবে ধান রোপণের আরও সময় বাকি আছে। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, খোলাবাড়িয়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া জিয়া খালের এক কিলোমিটার অংশ দুই বছর আগে পুনর্খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছিল। এবারও স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় খালটি সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। এই সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।