জলাবদ্ধতায় ১৮ হাজার একরে হচ্ছে না আউশ-আমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ও যশোরের অভয়নগর উপজেলার রানাগাতী এলাকার দুটি ভেঙে যাওয়া স্লুইসগেট আট বছরেও সংস্কার করা হয়নি।এতে ভৈরব ও চিত্রা নদীর লোনা পানি এ দুটি গেট দিয়ে নড়াইল ও যশোরের তিন উপজেলার চারটি ইউনিয়নের কৃষিজমিতে ঢুকছে। এ কারণে প্রায় ১৮ হাজার একর জমিতে আমন ও আউশ ধান উৎপাদন করা সম্ভব হচ্ছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ষাটের দশকে অভয়নগর উপজেলার ভৈরব নদের সংযোগ খালের রানাগাতী ও নড়াইল সদর উপজেলার চিত্রা নদীর সংযোগ খালের শিঙ্গাশোলপুর এলাকায় দুটি স্লুইসগেট নির্মাণ করে। প্রয়োজনের সময় জমিতে পানি ঢোকানোর জন্য এলাকাবাসী গেট দুটি ব্যবহার করতেন। ২০০৩ সালে গেট দুটির নিচের অংশ ভেঙে যায়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাঙা গেট দিয়ে চিত্রা নদীর লোনা পানি ঢুকে নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়গাতী, সুভারঘোপ, শিঙ্গা, বড়কুলা, শোলপুর ও বনখলিশাখালী গ্রামের চার হাজার ৩২৫; বিছালী ইউনিয়নের আড়পাড়া, বিছালী, মির্জাপুর, রুখালি, চাকই, মধুরগাতী, রন্দিয়া, আকবপুর, আটঘরাসহ ২০টি গ্রামের ছয় হাজার ৪৬৫; কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়ড়িয়া গ্রামের দুই হাজার এবং অভয়নগর উপজেলার শুভড়াড়া ইউনিয়নের বাসুয়াড়ি, ভবানীপুর, হিদিয়া, রানাগাতী, ইছামতীসহ ১৪টি গ্রামের পাঁচ হাজার একর জমিতে আউশ ও আমন উৎপাদন ব্যাহত হচ্ছে।এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, ২০০৩ সালের আগে উল্লিখিত তিন উপজেলার প্রায় ১৮ হাজার একর জমিতে প্রতিবছর বোরো, আমন ও আউশ ধান উৎপাদন করা হতো। স্লুইসগেট ভেঙে যাওয়ায় শুষ্ক মৌসুমে এসব জমিতে শুধু বোরো ধান আবাদ করা হচ্ছে। আউশ ও আমন এপ্রিল থেকে জুলাই পর্যন্ত আবাদ করা হয়। এ সময় বৃষ্টির পানির চাপ থাকায় ভৈরব ও চিত্রা নদী পানি বাড়ে। এই পানি স্লুইসগেট দিয়ে ওই তিন উপজেলার কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি করে।অভয়নগর উপজেলার কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, স্লুইসগেট দিয়ে পানি ঢোকার কারণে আউশ ও আমন ধান উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নড়াইল সদর উপজেলার কৃষি কর্মকর্তা জি এম রুহুল আমীন বলেন, শিঙ্গাশোলপুর স্লুইসগেট দিয়ে চিত্রা নদীর লোনা পানি ঢোকায় শিঙ্গাশোলপুর ও বিছালী ইউনিয়নের কৃষিজমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।পাউবোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার আলী হাওলাদার বলেন, গেট দুটি সংস্কারের জন্য এরই মধ্যে এক কোটি ৩২ লাখ ৬৮ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী অর্থবছরে এর আওতাধীন সব শাখা খাল সংস্কার করা হবে।