জলাবদ্ধতায় ২০ হাজার একর জমিতে বোরো চাষ অনিশ্চিত
জলাবদ্ধতার কারণে সাতক্ষীরা সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ২০ হাজার একর জমিতে বোরো চাষ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই কারণে এসব ইউনিয়নের কয়েক হাজার কৃষক চিন্তিত হয়ে পড়েছেন। জানা গেছে, গত আগস্ট মাসে অতি বৃষ্টির কারণে সদর উপজেলার শিবপুর, ঝাউডাঙ্গা, বল্লী, ঘোনা ও লাবসা ইউনিয়নে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সময় ১৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। একই কারণে এসব ইউনিয়নের প্রায় লক্ষাধিক একর আমন খেতের ধান নষ্ট হয়ে যায়। এখনো জলাবদ্ধতা দূর না হওয়ায় এই পাঁচ ইউনিয়নের বেশ কয়েকটি বিলের ২০ হাজার একর জমিতে বোরো ধানের আবাদ হবে না বলে কৃষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন। শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ জানান, গত আগস্ট মাসে অতি বৃষ্টিতে শিবপুর ইউনিয়নের ঝিটকি, আদুলপোতা, পায়রাডাঙ্গা, তোকতাপোতাসহ ১২টি গ্রামের অধিকাংশ ফসলি জমি পানিতে তলিয়ে যায়। এতে আমন ফসল সব নষ্ট হয়ে যায়। পানি সরানোর জন্য ইছামতী নদীর শাকরা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ কেটে দেওয়া হয়। এতে কিছু পানি সরানো সম্ভব হয়। কিন্তু পরে ইছামতী নদীর জোয়ারের পানি ওই বাঁধের কাটা অংশ দিয়ে লোকালয়ে ঢোকে। এতে শিবপুর ও ঘোনা ইউনিয়নের ১০ হাজার একর জমি নতুন করে প্লাবিত হয়। ঝাউডাঙ্গা ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন পেরিয়ে গেলেও অনেক নিচু জমি থেকে এখনো পানি নামতে পারেনি। এতে ইউনিয়নের ওয়ারিয়া, গোবিন্দকাঠি, বিহারিনগর, তুজলপুর, ঝাউডাঙ্গা, রাজাবাড়ি, রঘুনাথপুর, হাজিপুর, পাথরঘাটা, আখড়াখোলা, বয়ারা, বলাডাঙ্গা এবং দেবনগর গ্রামের বিলে কোথাও হাঁটুপানি আবার কোথাও তিন ফুট তলিয়ে আছে। এ কারণে প্রায় ছয় হাজার একর জমিতে বোরো আবাদ করা যাচ্ছে না।ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজলপুর গ্রামের কৃষক নুরুল আমিন ও রাজাবাড়ি গ্রামের ভাসান আলী জানান, এখনো তাঁদের জমিতে পানি জমে আছে। পানি নিষ্কাশনের জন্য সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পানি নিষ্কাশন করতে না পারলে বোরো চাষ করা যাবে না। একই অবস্থা বল্লী ও লাবসা ইউনিয়নের কৃষকদের। ওই দুই ইউনিয়নের ৯-১০ হাজার একর জমিতে পানি জমে আছে। এসব জমিতে আমন ধান হয়নি। বোরো ধানও হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলীপ কুমার রায় জানান, সাধারণত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে বোরো ধানের চাষ শুরু হয়। চাষাবাদের জন্য কৃষকেরা নিজ উদ্যোগে শ্যালো যন্ত্র দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছেন। তিনি দাবি করেন, জরিপ করে দেখা গেছে, ৩০ হাজার নয়, প্রায় ১০ হাজার একর জমিতে জলাবদ্ধতা রয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।