জলাবদ্ধতায় ৮০০ একরের আমন নষ্ট হওয়ার উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতার কারণে রংপুরের কাউনিয়া উপজেলার বেতালি এলাকায় প্রায় ৮০০ একর জমির আমন ধানের আবাদ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার বালাপাড়া ও শহীদবাগ ইউনিয়নের বেতালি এলাকায় এ বছর ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমন চারা রোপণের পর তিন দফায় ভারী বৃষ্টিপাত হওয়ায় পানি জমে চারা ডুবে যায়। এতে ধানের চারা নষ্ট হয়ে পচন ধরে।ভূতছাড়া গ্রামের বাবলু মিয়া তিন একর জমিতে এ বছর আমন ধানের চাষ করেছেন। তিনি বলেন, ‘গত বছর এত পানি হয়নি বলে আমন আবাদ কিছুটা হইছিল। এবার একটানা বর্ষণে ধানগাছ ডুবি যায়। আর পানি যে সরি যাইবে তারও কোনো উপায় নাই। এবার ধান না হওয়ার ভয় বেশি।’ একই এলাকার আবদুল কুদ্দুস এবার দুই একর জমিতে আমন ধানের চাষ করেন। তিনি বলেন, ‘এবার মনে হয় এই বেতালি জমির আবাদ থাকি কোনো ধান পাবার নাই।’সাবেক ইউপি চেয়ারম্যান শহীদবাগের বাসিন্দা আমজাদ হোসেন বলেন, জলাবদ্ধতার কারণে প্রায় ২০ একর ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এই পানি নিষ্কাশনের জন্য সরকারিভাবে একটু উদ্যোগ নিলেই এখানকার কৃষকেরা জলাবদ্ধতার হাত থেকে রেহাই পায়। কিন্তু তা নেওয়ার কোনো উদ্যোগই নেই। তকিপল বাজারের শফিউজ্জামান দুই একর, আবদুল কাদের চার একর জমিতে এবার আমন ধানের চাষ করে বিপাকে পড়েছেন। তাঁরা বললেন, এই পানি নিষ্কাশনের জন্য এলাকার পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। কিন্তু সেই আবেদনের কোনো সাড়া পাওয়া যায়নি।বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নূরুল হক বলেন, একটি শাখা নালা করে এই পানি তিস্তা নদীতে ফেলানো যেতে পারে। এ নিয়ে উপজেলা চেয়ারম্যানের কাছে দেন-দরবার করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, কিন্তু উদ্যোগ নেই। শহীদবাগ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হান্নান প্রধান বলেন, একটি ক্যানেল করলে এই জমির ধান প্রতিবছর নষ্ট হতো না। কৃষকদের দুশ্চিন্তাও হতো না। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, ওই এলাকা সরেজমিনে পরিদর্শন করে দেখেছি। সেখানে জলাবদ্ধতায় কৃষকদের ধান নষ্ট হয়েছে। এই জলাবদ্ধতা দূর করতে যা যা করণীয় তা করা হবে।