জলাবদ্ধতা-লবণাক্ততার আশঙ্কায় দক্ষিণাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বুড়িশ্বর বা পায়রা, বিষখালী ও বলেশ্বর—এই তিন নদ-নদীর মোহনার কয়েকটি স্থানে বিশাল আকারের চর পড়েছে। এতে স্বাভাবিক জোয়ার-ভাটা বিঘ্নিত হয়ে এ নদ-নদীগুলো নাব্যতা হারিয়ে ফেলছে। নাব্যতা হারাচ্ছে শাখা নদী এবং খালগুলোও। আর এর প্রভাবে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় জলাবদ্ধতা ও লবণাক্ততার আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা। শঙ্কায় রয়েছে সাধারণ মানুষও।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বুড়িশ্বর নদ বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার মাঝ দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার প্রশস্ততা নিয়ে প্রবাহিত হয়েছে। নদটি পটুয়াখালীর লোহালিয়া ও লেবুখালী নদী হয়ে বরিশালের কীর্তনখোলায় মিশেছে।
বিষখালী নদী বরগুনা সদরের পশ্চিম প্রান্ত ও পাথরঘাটা উপজেলার পূর্ব প্রান্তের মাঝখান দিয়ে প্রায় চার কিলোমিটার প্রশস্ততা নিয়ে প্রবাহিত। ঝালকাঠির সুগন্ধা নদী হয়ে পিরোজপুরের বেকুটিয়া ও কচা নদীর সঙ্গে মিশেছে এটি। আর বলেশ্বর নদ পাথরঘাটার পশ্চিমপ্রান্ত থেকে বাগেরহাটের কচুয়া, শরণখোলা উপজেলা হয়ে পিরোজপুর জেলা সদরের পাশ দিয়ে সুন্দরবনের পশুর নদে মিশেছে।
দক্ষিণের কয়েকটি জেলাকে এভাবে পরস্পরের সঙ্গে বেঁধে রাখায় জেলাগুলোর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ তিন নদ-নদীর ভূমিকা অপরিসীম বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এগুলোর মোহনা ক্ষতিগ্রস্ত হলে স্বাভাবিকভাবেই বিরূপ প্রভাব পড়বে এ জেলাগুলোর পরিবেশের ওপর।
পাউবোর বরগুনা কার্যালয়ের কর্মকর্তারা বলেন, ৯০-এর দশকের শুরুতে আস্তে আস্তে পলি জমে এই তিন নদ-নদীর মোহনা ভরাট হতে শুরু করে। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের পর এর তীব্রতা বাড়ে এবং কয়েক বছরের মধ্যেই বিশাল আয়তনের কয়েকটি চর জেগে ওঠে।
সরেজমিনে দেখা যায়, বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটা উপজেলার মধ্যবর্তী লালদিয়া, নলবুনিয়া ও সোনাতলা এলাকায় ওই তিন নদ-নদীর মোহনায় বিশাল আয়তনের কয়েকটি চর জেগেছে। ভাটার সময় এসব চরের কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পানি থাকে। এ সময় মোহনা দিয়ে ট্রলার ও অন্য নৌযান চলাচল করতে পারে না। প্রতিদিন কেবল জোয়ারের সময় এ এলাকা দিয়ে কয়েক শ মাছ ধরা ট্রলার সাগরে যায়। ভাটার সময় এসব ট্রলার ও অন্যান্য নৌযানকে ঘণ্টার পর ঘণ্টা নোঙর করে থাকতে হয়। গত ১৩ ফেব্রুয়ারি মোহনার এ এলাকায় ডুবোচরে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে চালকসহ আটজনের প্রাণহানি ঘটে।
বুড়িশ্বর নদে বরগুনার আমতলী ফেরিঘাট এলাকায় কয়েক কিলোমিটারজুড়ে অনেক ডুবোচর সৃষ্টি হয়েছে। এতে এ স্থান দিয়ে ফেরিসহ নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে। চর ক্রমে বিস্তৃত হয়ে পশরবুনিয়া, গুলিশাখালী, জাঙ্গালিয়া, আয়লা, ক্যামঘাট, বিঘাই ছাড়িয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ, পায়রাকুঞ্জ, রাজগঞ্জ ও লেবুখালীতে ছড়িয়ে পড়েছে।
বিষখালী নদীতে বরগুনার নলী, কালমেঘা, ছোট পাঘরঘাটা, বাইনচটকি, বামনার রূহিতা ও বেতাগী অংশেও সৃষ্টি হয়েছে অনেক ডুবোচর। এসব চরের আয়তন ৫ থেকে ১০ বর্গকিলোমিটার।
আর মোহনায় চর পড়ায় বলেশ্বর নদে গত কয়েক বছরে নাব্যতা হ্রাস পেয়েছে আশঙ্কাজনকভাবে। বিশেষত পিরোজপুর শহরের পাশ দিয়ে বয়ে চলা নদের উত্তরে প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ পথের বিভিন্ন স্থানে ভরাট হয়ে নদের ধারা একরকম বিলীন হয়ে গেছে। এসব স্থানের মধ্যে বাগেরহাটের কচুয়া সদর উপজেলা, পিরোজপুর সদর ও নাজিরপুর উপজেলার কোথাও কোথাও সৃষ্টি হয়েছে সরু খাল। কোথাও বা নদীর মধ্যে জেগে ওঠা চরে শোভা পাচ্ছে ফসলি জমি।
বিশেষজ্ঞের উদ্বেগ: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন আ ক ম মোস্তফা জামান বলেন, দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ, কৃষি, পরিবেশ-প্রতিবেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এ তিন নদ-নদী। এগুলোর মোহনায় ডুবোচর সৃষ্টি হওয়ায় গোটা দক্ষিণাঞ্চলে এর প্রভাব পড়তে শুরু করেছে। জোয়ারের পানি সামান্য বাড়লেই তা লোকালয় ও ফসলি জমিতে ঢুকে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি করছে। এতে অস্বাভাবিক হারে বাড়ছে লবণাক্ততা।
মোস্তফা জামান আরও বলেন, আগে জোয়ারের কারণে প্লাবন ও জলাবদ্ধতা দেখা দিলেও ভাটায় তা নেমে যেত। সেটাই ছিল স্বাভাবিক। এখন এই স্বাভাবিক অবস্থা নেই। চর পড়ে নাব্যতা হ্রাসের কারণে নদ-নদীগুলো পানি ধরে রাখতে পারছে না। এতে বেশি উচ্চতার জোয়ার এখন উপকূলের মানুষের জীবনে নতুন দুর্যোগ বয়ে এনেছে।
ভুক্তভোগী জনপদবাসী: পাথরঘাটার বাইনচটকি এলাকার বেশ কয়েকজন জেলে বলেন, বছর ১০ আগেও যেখানে জোয়ারের সময় ৭০-৮০ হাত ও ভাটার সময় ৪০-৪৫ হাত পানি থাকত; এখন পলি পড়ে জোয়ারের সময় তা ২৫-৩০ হাত ও ভাটার সময় হাঁটুপানিতে নেমে এসেছে।
পাথরঘাটার বলেশ্বর তীরের রূহিতা গ্রামের জেলে আবুল কালাম বলেন, ‘নদী মইর্যা যাইতে লাগছে, মোরা বাঁচমু ক্যামনে।’ তালতলীর জয়ালভাঙা এলাকার জেলে দুলাল মিয়া বলেন, ‘যে অবস্থা হ্যাতে সাত-আট বছরের মধ্যে পুরো মোহনা ভরাট হয়ে উঁচু অইয়্যা যাইব।’
নদী গবেষণা ইনস্টিটিউটের হাইড্রলিক রিসোর্স বিভাগের উপপরিচালক রফিকুল আলম বলেন, নদী ও খালে বাঁধ নির্মাণের ফলে উপকূলের নদ-নদীর গতিবেগ কমে গেছে। এ কারণে দক্ষিণাঞ্চলের নদীগুলোতে বছরে ১ দশমিক ২ বিলিয়ন টন পলি নিয়ে জোয়ারের পানি পরিবাহিত হতে পারছে না। এতে নদী ভরাট হচ্ছে। তিনি আরও বলেন, নদীর তলদেশের গভীরতা এর সঙ্গে সংযুক্ত খালগুলোর তুলনায় হ্রাস পাওয়ায় মাত্র সাড়ে পাঁচ মিলিমিটার বৃষ্টি হলেই নদী উপচে তলিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী অঞ্চল।
মোহনা ভরাট হতে থাকার ব্যাপারে জানতে চাইলে পাউবো বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম বলেন, ‘এটা পোল্ডার সিস্টেমের (বাঁধ নির্মাণ) কারণে হয়েছে কি না, তা গবেষণার বিষয়। আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করিনি। আমি অচিরেই ওখানে গিয়ে দেখব, কীভাবে এ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া যায়।’
একই বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল অঞ্চলের খনন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, যেহেতু এটা বিআইডব্লিউটিএর তালিকাভুক্ত নৌপথ নয়, তাই বিষয়টি পাউবোর এখতিয়ারভুক্ত। পাউবো চাইলে জরিপ করে চর অপসারণে বড় ধরনের খননের (ক্যাপিটাল ড্রেজিং) উদ্যোগ নিতে পারে।