জলাভূমি সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাভূমিকে রাজস্ব আদায়ের হাতিয়ার হিসেবে না দেখে জীবন ও জীববৈচিত্র্য সুরক্ষার আধার হিসেবে দেখতে হবে। এ জন্য জলাভূমি ও সুষ্ঠু পানি ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত বিশ্ব জলাভূমি দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেছেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, পানি ও জলাভূমি বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীরা জলাভূমি সংরক্ষণ ও সুষ্ঠু পানি ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন। রামসার কনভেনশন অনুযায়ী, ১৯৭১ সাল থেকে প্রতিবছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়ে থাকে। এ বছর এ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘জলাভূমি ও পানি ব্যবস্থাপনা।’দিবসটি উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে বিশ্ব পানি সাংবাদিক ফোরাম, (ডব্লিউডব্ল্লিউএফজে), বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি), বেসরকারি সংস্থা বাংলাদেশ পউস এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কনজারভেশন অব নেচার (আইইউসিএন, বাংলাদেশ)। ‘জলাভূমি ও পানি ব্যবস্থাপনা’ শীর্ষক এ আলোচনা সভায় এফইজেবির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন।ড. আইনুন নিশাত সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে আলোচনা সভায় বলেন, ‘আমরা পানি ব্যবস্থাপনাকে জোর দিয়েছি কৃষির কথা মাথায় রেখে। কিন্তু জলজ প্রাণী, জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদকে গুরুত্ব দিইনি। কিন্তু আমাদের পানি আইন ও সংবিধানের ১৮-এর ক ধারা অনুযায়ী জলাভূমি সংরক্ষণ করতে হবে। জলমহাল ইজারা দেওয়ার রীতি এসব আইনের বিরোধী। জলাভূমি রক্ষা করা ছাড়া মৎস্য সম্পদভিত্তিক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা যাবে না।’ সভায় বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হান্না জলাভূমি সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনায় ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের নিবিড় সম্পর্কের ওপর জোর দেন।ডেনমার্কের রাষ্ট্রদূত সেভেন্ড ওলিং বলেন, বাংলাদেশ বিশ্বে জলবায়ু পরিবর্তনবিষয়ক বিষয়ে আন্তর্জাতিক সমঝোতা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ জলাভূমি সংরক্ষণ ও সুষ্ঠু পানি ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা প্রসারে নেতৃত্ব দিতে পারে এবং এ ব্যাপারে ডেনমার্ক বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত।