জলাভূমি সংরক্ষণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক উন্নয়ন, পানি পরিশোধন ও চাহিদা পূরণ, খাদ্য উৎপাদন, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য রক্ষা, বন্যানিয়ন্ত্রণ, ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠে পানি সংরক্ষণ, নদীভাঙন, ভূমিক্ষয় রোধসহ বহুমাত্রিক সুবিধা পেতে জলাভূমি সংরক্ষণের দাবি জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। সংগঠনগুলোর অভিযোগ, সরকারের সব পরিকল্পনায় জলাভূমি রক্ষা করার কথা বলা হলেও কার্যত এর প্রতিফলন হচ্ছে না।
গতকাল মঙ্গলবার বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ‘ভবিষ্যৎ প্রজন্ম এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে জলাভূমি সংরক্ষণ করা হোক’ শীর্ষক এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে অংশ নেয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন, গ্রিন মাইন্ড সোসাইটি এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট।
জলবিজ্ঞান ইনস্টিটিউটের চেয়ারম্যান প্রকৌশলী ম. এনামুল হক বলেন, জলাভূমি কমে যাওয়ায় ভূগর্ভে পানির স্তর ক্রমেই নিচে চলে যাচ্ছে। সবার দৈনন্দিন পানির চাহিদা মেটানোর জন্য সংকট বৃদ্ধি পাচ্ছে।
সভাপতির বক্তব্যে পবার নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবহান বলেন, জলাভূমির আয়তন প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। ফলে জলের অভাবে সংকটাপন্ন হচ্ছে জলাভূমি ও তার জীববৈচিত্র্য, ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুপেয় পানির চাহিদা মেটাতে জলাশয়গুলোকে সংরক্ষণ করতে হবে।
এ সময় বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সিনিয়র প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমান, বাপার যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধা, গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, সুন্দরবন রক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুজাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন শেষে তাঁরা বেইলি রোডে হাবীবুল্লাহ বাহার কলেজের পেছনের ঐতিহ্যবাহী নওরত্ন পুকুর পরিদর্শন করেন।