জলাশয় দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিন: অর্থমন্ত্রী
সিলেট সিটি করপোরেশনকে জলাশয় জবরদখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি গতকাল শুক্রবার সকালে নগরের জল্লারপাড় এলাকায় অবৈধ দখল থেকে পুনরুদ্ধার করা জল্লারখাল পরিদর্শনের সময় এ নির্দেশনা দেন।
অর্থমন্ত্রী বলেন, একসময় সিলেট নগরের বিভিন্ন এলাকায় একাধিক মুক্ত জলাশয় বা জলাধার ছিল। যুগের পর যুগ এগুলো পানিনিষ্কাশন ও প্রবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু বর্তমানে ভূমিখেকোদের দৌরাত্ম্যে এসব জলাশয় ধীরে ধীরে জবরদখল হয়ে যাচ্ছে। জলাশয় দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জবরদখল আর হতে দেওয়া যাবে না। জলাশয়, ছড়া ও খাল যাতে দখল না হয় সে জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে।
সিটি করপোরেশনের সাম্প্রতিক কিছু উদ্ধার অভিযানে সন্তোষ প্রকাশ করে আবুল মাল আবদুল মুহিত বলেন, শুধু জলাশয়, ছড়া ও খাল দখলমুক্ত করলেই চলবে না, উদ্ধার করা এসব ভূমি যাতে পুনরায় দখল না হয় এবং সব সময় সুরক্ষিত থাকে সে জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। জল্লারখাল ঘিরে একটি দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও লেক নির্মাণের পক্ষেও মত দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
খালেদার সংলাপের প্রস্তাব ‘রাবিশ’: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপে বসার প্রস্তাবকে ‘রাবিশ’ বলে উড়িয়ে দিয়েছেন আবুল মাল আবদুল মুহিত। তিনি গতকাল সকালে সিলেটে ‘স্কাই মিনি ম্যারাথন দৌড়’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। তিনি শুধু ‘রাবিশ, রাবিশ’ বলে প্রসঙ্গটি এড়িয়ে যান। অন্য কোনো মন্তব্য করেননি।