জলাশয় ইজারা না হওয়ার নেপথ্যে
বগুড়ার ধুনটে সরকারি ১৪টি জলাশয় প্রভাবশালী একটি চক্রের কূটকৌশলের কারণে প্রশাসন ইজারা দিতে পারেনি। চক্রটি ইজারা না নিয়েই পুকুরে মাছ চাষ করে কোটি কোটি টাকা আয়ের কৌশল নিয়েছে বলে অভিযোগ রয়েছে।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নে ৪০টি সরকারি জলাশয় রয়েছে। এর মধ্যে ১৪টি জলাশয় ওই চক্রের কারণে এ বছর প্রশাসন ইজারা দিতে পারেনি। চলতি বছর ফেব্রুয়ারি মাসের আগে জলাশয়গুলোর ইজারার মেয়াদ শেষ হয়েছে। উপজেলা জলমহাল বন্দোবস্ত কমিটি জলমহালগুলো ইজারা দিতে গত ১ মার্চ থেকে ১৩ জুন পর্যন্ত তিন দফা দরপত্র আহ্বান করে। নিয়ম অনুযায়ী জলমহালগুলোর দর আগের বছরের চেয়ে পাঁচ শতাংশ বাড়ায় কেউ দরপত্রে অংশ নেয়নি।সূত্র জানায়, ওই চক্রটি নিজেদের মধ্যে সলাপরামর্শ করে দরপত্র দাখিল না করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে প্রশাসন জলাশয়গুলো ইজারা দিতে না পারে এবং তারাই জলাশয়গুলোতে মাছ চাষ করে লাভবান হতে পারে। এভাবে ইজারা না নিয়ে জলাশয়ে মাছ চাষ করতে পারলে তাদের গত বছরের চেয়ে বেশি ইজারামূল্য সরকারকে পরিশোধ করতে হবে না।গত বছর উজালশিং যুব সমবায় সমিতির নামে বানুখাঁর দিঘি দুই লাখ ছয় হাজার টাকায় ইজারা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী এ বছর ইজারামূল্য পাঁচ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৬ হাজার ৩০০ টাকা। বানুখাঁর দিঘির মতো মায়েলজানিদহ জলাশয়, সাগাটিয়াদহ জলাশয়, সাদিরদহ/শ্যামেরদহ জলাশয়, কলাতলা খাল, মুছিবাড়িদহ জলাশয়, বিবিরদহ জলাশয়, তপুমল্লিকেরদহ জলাশয়, টেপিগাড়ীদহ জলাশয়, বলারবাড়ী বিল, ভূতেরবাড়ীদহ জলাশয়, পঞ্চবাড়ীদহ জলাশয়, উত্তর রহুয়ার বিলসহ মোট ১৪টি জলমহাল ইজারা দেওয়া যায়নি।জলাশয়গুলোর আগের ইজারাদারেরা জানান, আগের চেয়ে এ বছর ইজারামূল্য বেড়েছে। এত টাকা দিয়ে জলমহাল ইজারা নিয়ে মাছ চাষ করে লাভবান হওয়া যাবে না। এ কারণে তাঁরা কেউ দরপত্রে অংশ নেননি। জলমহালগুলো ইজারা না হওয়ায় স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা সেখানে মাছ চাষ করছেন।ইজারা বন্দোবস্ত কমিটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অধিকাংশ জলাশয় সাবেক ইজারাদারদের দখলে রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি বলেন, ‘মেয়াদোত্তীর্ণ জলাশয়গুলো ইজারা দেওয়ার জন্য কয়েক দফা দরপত্র আহ্বান করেছি। কিন্তু আগের চেয়ে এ বছর মূল্য পাঁচ শতাংশ বাড়ায় দরদাতারা দরপত্রে অংশ নেননি। তাই আইনি জটিলতার কারণে জলমহালগুলো ইজারা দেওয়া যায়নি। এ কারণে খাস কালেকশনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।’