জলাশয় উন্মুক্ত করার দাবিতে কৃষকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাশয়ের ইজারা বাতিলের দাবিতে গতকাল বুধবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে কয়েক শ কৃষক বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।জানা গেছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বিশ্বনাথপাড়া-বাহাদুরপুর সংযোগ সড়ক থেকে আবুলের দোকান পর্যন্ত বেড়িবাঁধের জলাশয়সংলগ্ন এলাকায় প্রায় ৭০০ প্রান্তিক কৃষক ও জেলেপরিবার বাস করে। এই জলাশয় থেকে মাছ ধরে এবং জলাশয়ের পানি কৃষিকাজে ব্যবহার করে এলাকাবাসী জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু বিশ্বনাথপাড়া রিয়াজউদ্দিন মৎসচাষি সমিতি লিমিটেড ১৪১৭ থেকে ১৪১৯ সনের ৩০ চৈত্র পর্যন্ত তিন বছরের জন্য পাউবোর কাছ থেকে জলাশয়টি ইজারা নেয়। এর পর থেকে জলাশয়ের পানিতে মাছ শিকার, পাট পচানো, গরু-ছাগল গোসল করানোসহ শুষ্ক মৌসুমে বীজতলা তৈরি বন্ধ হয়ে যায়। এতে সাধারণ লোকজন বিক্ষোভে ফেটে পড়ে। ওই ইজারা বাতিলের দাবিতে গতকাল কয়েক শ কৃষক বিক্ষোভ মিছিল করেন।স্মারকলিপি দেওয়ার আগে ইউএনও কার্যালয়ের সামনে বিক্ষোভকালে বক্তব্য করেন খোন্দকার আবদুল মুহিত, পরেশ চন্দ্র সাহা, আবদুর রাজ্জাক প্রমুখ। এ সময় কৃষকেরা বলেন, ওই জলাশয়ের ইজারা দ্রুত বাতিল করা না হলে প্রয়োজনে কঠোর আন্দোলন সংগ্রাম যাবেন তাঁরা।বিশ্বনাথপাড়া রিয়াজউদ্দিন মৎসচাষি সমিতি লিমিটেডের সভাপতি লুৎফুল করিম বলেন, সরকারের নিয়মানুযায়ী পাউবোর কাছ থেকে তিন বছরের জন্য ছয়টি প্রকল্পভিত্তিক জলাশয়টি ইজারা নেওয়া হয়। এখন এটি হাতছাড়া হলে ক্ষতির মুখে পড়তে হবে।উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন ফকির বলেন, ‘জনগণের সঙ্গে আমিও একমত। জলাশয়টি অনতিবিলম্বে উন্মুক্ত করে দেওয়া হোক।’ গোয়ালন্দের ইউএনও মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, আগে কৃষকেরা এ জলাশয়ের ইজারা বাতিলের ব্যাপারে জানালে জেলা প্রশাসকের সমন্বয় সভায় বিষয়টি জানানো হয়েছে।