জলাশয় ও ভূমি ভরাটের দায়ে ২০ লাখ টাকা জরিমানা
রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার সেনোয়াইল এবং সাভারের বিলবাঘিল মৌজায় জলাশয় ও ভূমি ভরাটসহ খালের পানিপ্রবাহ বন্ধ করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে একটি আবাসন প্রতিষ্ঠান ও যুবলীগের এক নেতাকে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল মঙ্গলবার ওই জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, চট্টগ্রামের আবাসন প্রতিষ্ঠান মাওলানা ডেভেলপমেন্ট কোম্পানি (এমডিসি) আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সেনোয়াইল মৌজায় অবৈধভাবে আট একর জমি ভরাট করছিল। সাভারের ব্যাংক কলোনির বাসিন্দা এবং ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হাসান বিলবাঘিল মৌজায় অবৈধভাবে জলাশয় ও ভূমি ভরাট করে খালের পানিপ্রবাহ বন্ধ করে দেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করার অভিযোগে মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল এমডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. আছরারকে ১৫ লাখ টাকা এবং ফারুককে পাঁচ লাখ টাকা জরিমানা করে অতি দ্রুত ভরাট করা জলাশয় ও ভূমি থেকে মাটি অপসারণের নির্দেশ দেন। এ নির্দেশ অমান্য করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে কারাগারে প্রেরণ এবং ভরাট করা ভূমি সরকারি হেফাজতে নেওয়া হবে বলে জানান মুনীর চৌধুরী।এর আগে ১০ মে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ওই দুটি স্থানে ভূমি ভরাটের কাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি ফারুক হাসানের দখল থেকে বালু ভরাটকাজে ব্যবহূত সরঞ্জাম জব্দ করে। একই সঙ্গে এসব ভূমি ভরাটের বিষয়ে তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আরও আইনানুগ ব্যবস্থা নিতে ঢাকার জেলা প্রশাসককে পত্র দেওয়া হয়েছিল।এ ব্যাপারে মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, সাভার এলাকায় কয়েকজন ভূমিদস্যু ও শিল্পোদ্যোক্তাকে নির্বিচারে খাল-বিল ভরাট করে আবাসন প্রকল্প ও শিল্প-কারখানা স্থাপনের ধ্বংসাত্মক প্রবণতায় এলাকায় পরিবেশগত বিপর্যয় ঘটছে। এ বিপর্যয় রোধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং নিয়মিত অভিযান চালাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।