জলাশয় খননের বরাদ্দ আত্মসাতের অভিযোগ
পঞ্চগড়ে দুটি প্রকল্পের আওতায় ১৩টি পুকুর ও জলাশয় খননের জন্য মৎস্য বিভাগের বরাদ্দ ৭৪ লাখ ১৮ হাজার টাকা নামমাত্র কাজ দেখিয়ে প্রকল্প কমিটির লোকজন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান, পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম ও সংরক্ষিত আসনের সাংসদ ফরিদা আক্তারের আবেদনের (ডিও লেটার) পরিপ্রেক্ষিতে মৎস্য অধিদপ্তর ১৩টি পুকুর-জলাশয় খনন-পুনঃখননের জন্য ৭৪ লাখ ১৮ হাজার টাকা বরাদ্দ দেয়। চারটি কিস্তিতে বরাদ্দের ওই অর্থ ছাড় করা হয়। গত ২ জুলাই সর্বশেষ কিস্তির টাকা ছাড় করা হয়। অধিকাংশ প্রকল্পের কমিটির চেয়ারম্যান ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী বলে অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার মাঝিয়ালী গুচ্ছগ্রাম প্রকল্পের পুকুর পুনঃখননের জন্য ৯০ জন শ্রমিক দিয়ে নামমাত্র কিছু কাজ করা হয়। পরে বৃষ্টির পানিতে পুকুরটি ভরে যায়। এরপর উল্লেখযোগ্য কোনো খননকাজ করা হয়নি। তবে প্রকল্প কমিটির চেয়ারম্যান ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম কাজ না করার অভিযোগ অস্বীকার করেন।সদর উপজেলার শালমারা ভিতরগড় অভয়াশ্রমে খাল পুনঃখননকাজ কয়েক দিন চলার পর বৃষ্টির পানিতে খালটি তলিয়ে যায়। পরে শ্যালো মেশিন লাগিয়েও আর খনন করা যায়নি। কিন্তু বরাদ্দের ছয় লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। প্রকল্পের চেয়ারম্যান আবু তাহের দাবি করেন, কাজ ঠিকমতো হয়েছে। তবে সরেজমিন গিয়েও তাঁর দাবির সত্যতা মেলেনি। একইভাবে অন্য প্রকল্পগুলোয় উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি।নাম প্রকাশ না করার শর্তে বিভিন্ন প্রকল্পের কমিটির সদস্যরা অভিযোগ করেছেন, প্রকল্প কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রভাবশালী লোকজন বরাদ্দের সব টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন।সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বোদা তেঁতুলিয়া উপজেলা এবং জেলা মৎস্য কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তিনি জানান, মৎস্য বিভাগের উপসহকারী প্রকৌশলী পরিমাপ করার পর উপজেলা মৎস্য কর্মকর্তা স্বাক্ষর করে পাঠালে জেলা মৎস্য কর্মকর্তা বরাদ্দের ওই চেক প্রদান করেন।মৎস্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. নুরুজ্জামান বলেন, ‘আমি তিন জেলার দায়িত্বে। আমি এই দায়িত্ব নিতে চাইনি। অল্প সময়ের মধ্যে সব কাজ সেভাবে দেখা যায়নি। তাই বিল দিতে হয়েছে। তা ছাড়া বিল দিতে বিশেষ মহলের চাপ ছিল।’