জলাশয় থেকে মাটি সরানো হয়নি
পরিবেশ অধিদপ্তর নির্দেশ দেওয়া সত্ত্বেও কক্সবাজারের চকরিয়া উপজেলার জলাশয়ে ভরাট করা অংশ থেকে পাহাড়ের মাটি এখনো সরিয়ে নেওয়া হয়নি। মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা ও চালিয়াতলি এলাকা থেকে পাহাড়ের বালু নিয়ে ওই জলাশয় অবৈধভাবে ভরাট করা হয়।মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা ও চালিয়াতলি এলাকা থেকে গত অক্টোবরের শুরুতেই পাহাড়ের বালু নিয়ে পাশের চকরিয়া উপজেলার বদরখালি বাজারের দক্ষিণ পাশের একটি জলাশয় ভরাট করা শুরু হয়। নিয়ম না থাকলেও স্থানীয় প্রভাবশালী লোকজন অবৈধভাবে পাহাড়ের বালু বিক্রি করে। আর ওই বালু নিয়ে বদরখালি কৃষি উপনিবেশ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার সদস্য মার্কেট তৈরি করে দোকান বরাদ্দ দেওয়ার জন্য বাজারের দক্ষিণে জলাশয় ভরাট করেন।বাজার এলাকার স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, কয়েক যুগ ধরে ওই জলাশয় ও খাল দিয়ে এলাকার পানিনিষ্কাশন হয়।বদরখালি সমবায় কৃষি উপনিবেশ সমিতির পরিচালনা কমিটির সদস্য মাস্টার শাহাব উদ্দিন ও সমিতির সদস্য রিদুয়ানুল হক বলেন, সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে জলাশয় ভরাট করে অবৈধভাবে মার্কেট তৈরি করতে মরিয়া হয়ে ওঠেন তাঁরা। আর নিয়মবহির্ভূতভাবে কুতুবদিয়া ও মহেশখালীর লোকজনকে দোকান বরাদ্দ দেওয়ার নামে দোকানপ্রতি আড়াই লাখ টাকা করে হাতিয়ে নিচ্ছেন, যা সমিতির বিধি-উপবিধির পরিপন্থী। সমিতির কর্মকর্তাদের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তাঁদের সদস্যপদ বাতিল করার পাশাপাশি নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।কক্সবাজার পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মহেশখালীর পাহাড় থেকে মাটি কেটে বেআইনিভাবে জলাশয় ভরাট করার অভিযোগ এনে পরিবেশ অধিদপ্তর গত ১২ অক্টোবর বদরখালি কৃষি উপনিবেশ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চার সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে ঢাকার পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে ওই চার সদস্যকে চার লাখ ৯৭ হাজার ৬৪০ টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে সমিতির কর্মকর্তাদের জরিমানা দণ্ডের পাশাপাশি ভবিষ্যতে পাহাড় কর্তনের ব্যাপারে কঠোরভাবে হুঁশিয়ার করে দেওয়া হয়। এতে সমিতির কর্মকর্তারা এ ঘটনাকে তাঁদের অজ্ঞতাবশত ভুল হিসেবে অভিহিত করে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে পরিবেশ রক্ষা ও পরিবেশ আইন প্রতিপালনের অঙ্গীকার করলেও তা অমান্য করে এখন পর্যন্ত জলাশয়ের মাটি সরিয়ে নেননি।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, বেশ কয়েকবার সমিতির কর্মকর্তাদের মাটি সরাতে বলেছি। কিন্তু তাঁরা এখন পর্যন্ত মাটি সরিয়ে নেননি। তাই সমিতির কর্মকর্তাদের বিরুদ্ধে পুনরায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।সমিতির সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী গতকাল শুক্রবার দুপুরে বলেন, মাটি সরানোর জন্য পরিবেশ অধিদপ্তর নোটিশ দিয়েছিল। কিন্তু আবার মাটি না সরানোর জন্যও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা মৌখিকভাবে নির্দেশ দেওয়ায় তা সরিয়ে নেওয়া হয়নি। তবে দোকান বরাদ্দের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, পাহাড়ের বালু ও মাটি নিয়ে বদরখালি বাজারের দক্ষিণে জলাশয় ভরাট করায় পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই পাহাড়ের বালু ও মাটি বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিরা মুচলেকা দিয়েছে।