জলাশয় পুনরুদ্ধারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে দখল হয়ে যাওয়া একটি জলাশয়। বাউনিয়া, মিরপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম
অবৈধভাবে দখল হয়ে যাওয়া একটি জলাশয়। বাউনিয়া, মিরপুর, ঢাকা। ছবি: আবদুস সালাম

ঢাকার জলাবদ্ধতা কমাতে অবৈধভাবে দখল করা জলাশয়গুলো পুনরুদ্ধার করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আজ রোববার ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে কমিটির একজন সদস্য বলেন যে তুরাগপাড়ে যে জায়গায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, তার পাশে পানি সঞ্চালনের জায়গা আবর্জনা ফেলে ক্রমে ভরাট করা হচ্ছে। তুরাগ নদের বিভিন্ন জায়গা বেদখল হয়ে যাচ্ছে। এ ছাড়া রাজধানীর ভেতরেও বিভিন্ন জলাশয়ে আবর্জনা ফেলে ক্রমে ভরাট করে তা দখল করার ঘটনা ঘটছে। এতে একদিকে যেমন জলাশয় দখল হয়ে যাচ্ছে, অন্যদিকে বর্ষায় জলাবদ্ধতা বাড়ছে।

বৈঠকে জানানো হয়, রাজধানীর নন্দীপাড়া ত্রিমুখী খালের ২১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আদি বুড়িগঙ্গায় বালি ও মাটি ফেলে দখল করা কিছু খাসজমি উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে কমিটির সভাপতি রেজাউল করিম প্রথম আলোকে বলেন, ঢাকা ও চট্টগ্রামে সরকারি খালগুলোর সীমানা চিহ্নিতকরণ ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল সংসদীয় কমিটি। আজকের বৈঠকে তার অগ্রগতি সম্পর্কে জানানো হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএস পরবর্তী জরিপগুলোতে ভাওয়াল রাজ এস্টেটের যেসব জমি ব্যক্তির নামে রেকর্ড হয়েছে, তার বিস্তারিত বিবরণ প্রস্তুত করার সুপারিশ করেছে কমিটি।

কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটি সদস্য সাইফুজ্জামান চৌধুরী, মো. মকবুল হোসেন, এ কে এম মাঈদুল ইসলাম, জাহান আরা বেগম ও গাজী ম ম আমজাদ হোসেন বৈঠকে অংশ নেন।