জলাশয় ভরাট-দখলের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরে অব্যাহতভাবে পুকুর-জলাশয় ভরাট ও দখল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে দুই শতাধিক পুকুরের অধিকাংশই ভরাট হয়ে গেছে। সিটি করপোরেশন ও প্রশাসন এ ব্যাপারে ভূমিকা না নেওয়ায় ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের দিকে যাচ্ছে নগর। বরিশালে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে এই আশঙ্কার কথা ব্যক্ত করেন বক্তারা।গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের সদর রোড এলাকায় বিবির পুকুর পাড়ে বন্ধুসভা বরিশাল ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বরিশাল জেলার সভাপতি আক্কাস হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তারা বলেন, পুকুর-জলাশয় ভরাটের বিরুদ্ধে আইন থাকলেও তা প্রয়োগ হচ্ছে না এবং কেউ মানছেও না। অনেক সময় সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অর্থের বিনিময়ে ‘ম্যানেজ’ করে দখল ও ভরাট করা হচ্ছে পুকুর-জলাশয়।গত এক সপ্তাহে নগরের ঝাউতলা এলাকায় জনস্বার্থে দান করা একটি পুকুর ভরাটে নামে ভূমিদস্যু চক্র। উত্তর মল্লিক রোডে উদীচী ভবনের সামনের একটি পুকুর ও ল কলেজ পুকুর দখলের চেষ্টা চালায় তারা। এসব পুকুর দখল ও ভরাটে সরাসরি জড়িত রয়েছে এবং সহযোগিতা দিচ্ছে আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মীরা। জনগণের প্রতিরোধের মুখে ভরাটকাজ বন্ধ হলেও পুনরায় ভরাটের আশঙ্কা রয়েছে।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশালের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী লিংকন বায়েন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজল ঘোষ, নদী-খাল-জলাশয় রক্ষা আন্দোলন বরিশাল জেলা সদস্যসচিব কাজী এনায়েত হোসেন প্রমুখ।