জলাশয় ভরাট বন্ধের দাবি
পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে রাজশাহী নগরের জলাশয় ভরাট বন্ধের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন হয়েছে। এর আয়োজন করে সামাজিক সংগঠন জনউদ্যোগ।
কর্মসূচি থেকে রাজশাহী সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, নগরের একটি জলাশয়ও যেন আর ভরাট না করা হয়।
বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এ মানববন্ধন চলাকালে জনউদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তব্য দেন জনউদ্যোগের সভাপতি প্রশান্ত সাহা, সদস্যসচিব জুলফিকার আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, আদিবাসী পরিষদের নেতা এন্ড্রিয়াস বিশ্বাস, প্রকৌশলী তাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, একসময় রাজশাহী শহর ছিল পুকুরের শহর। বিভিন্ন রাজা, রানির নামে ছিল পুকুর। সেসব পুকুরের পানি দিয়ে মানুষ রান্নাবান্নার কাজ করত। এখন অধিকাংশ পুকুরই ভরাট করা হয়েছে। যে পুকুরগুলো রয়েছে তার পানি আর ব্যবহারযোগ্য নেই। বক্তারা বলেন, সোনাদিঘির নামানুসারে শহরের একটি মোড়ের নাম হয়েছে সোনাদিঘি। অথচ যেভাবে আবর্জনা ফেলা হচ্ছে, আর পাঁচ বছর পর হয়তো এই সোনাদিঘির অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। এভাবে নির্বিচারে পুকুর ভরাট করা হলে শহরের পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়বে।