জলাশয় ভরাট বন্ধের দাবি
বরিশালে নদী-খাল ভরাট বন্ধের দাবিতে গত শনিবার মানববন্ধন করেছে নদী-খাল-জলাশয় বাঁচাও আন্দোলন।কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, সিটি করপোরেশনের মেয়র জেল খালসহ অন্যান্য খাল সংরক্ষণ, সংস্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়ে জেল খালে এক বছর আগে নৌ-শোভাযাত্রার আয়োজন করেছিলেন। আর এখন সিটি করপোরেশন সেতু ভেঙে কালভার্ট নির্মাণ করে খাল ভরাট ও নর্দমায় পরিণত করার উদ্যোগ নিয়েছে। কালভার্ট ভেঙে সেতু নির্মাণের দাবি করে তাঁরা বলেন, সিটি করপোরেশন এ উদ্যোগ না নিলে ঈদের পর সর্বস্তরের মানুষকে নিয়ে এই কালভার্ট ভেঙে ফেলা হবে।খোঁজ নিয়ে জানা যায়, জেল খাল প্রশস্ত ছিল ৭০ ফুট। দখল ও ভরাট হওয়ার কারণে বর্তমানে কীর্তনখোলা নদীর মোহনা থেকে শুরু করে সর্বত্র মাত্র ২৭ ফুট চওড়ায় এসে দাঁড়িয়েছে। একই সঙ্গে জেল খালের নাজির মহল্লা এলাকার সেতুর পরিবর্তে বক্স কালভার্ট নির্মাণের ফলে প্রশস্ততা কমে দাঁড়িয়েছে মাত্র ১৮ ফুট। এখানে খালের ওপর ১৬ ফুট উচ্চতায় সেতু ছিল। সেই সেতু ভেঙে বর্তমানে পার্শ্ব-সড়ক থেকে মাত্র দুই ফুট উঁচুতে বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে।মুক্তিযোদ্ধা এম জি কবির ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন এনায়েত হোসেন চৌধুরী, নজরুল হক, হিরণ কুমার দাস, শান্তি দাস, কাজী এনায়েত হোসেন প্রমুখ।এ ব্যাপারে সিটি মেয়র শওকত হোসেন হিরণ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি প্রকৌশল বিভাগের ভুলের কারণে হয়েছে। আমি সেটি ভেঙে পুনরায় সেতু নির্মাণ করব।’