জলাশয় ভরাটের দায়ে সাভারের দুটি আবাসন প্রকল্পের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার অদূরে সাভারে বিল ও জলাশয় ভরাট এবং অধিগ্রহণকৃত জমি দখলের অভিযোগে দুটি আবাসন প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। জলাশয় ভরাটের কাজে ব্যবহূত আবাসন প্রতিষ্ঠান দুটির তিন মেট্রিক টন ড্রেজিং পাইপ জব্দ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নির্দেশে তাদের একটি দল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান চালায়। এ সময় বিল বাঘিল মৌজায় সরকারি রেকর্ডভুক্ত খালসংলগ্ন ও খালভুক্ত প্রায় দেড় একর জমিতে ফারুক হাসান তুহিন গং এবং সেনওয়ালিয়া মৌজায় প্রায় ১০ একর জলাশয় ভরাট ও উঁচু ভূমি কেটে সমান করায় নোভেল ডিজিটাল সিটির কাজ বন্ধ করে দেওয়া হয়।মুনীর চৌধুরী জানান, স্থানীয় ভূমির মালিক এবং ভুক্তভোগী জনসাধারণের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ করায় তদন্ত সাপেক্ষে এ অভিযান চালানো হয়েছে। জলাশয় ভরাট করে অবৈধ প্রকল্পের ফলে মৎস্য ও জলজ সম্পদের ক্ষতি, জীববৈচিত্র্য নষ্ট এবং কৃষি উৎপাদন বিঘ্নিত হচ্ছে। দখলদারদের এর আগে নোটিশ দেওয়া হলেও তারা এর জবাব দেয়নি। দখলদারদের ১৬ মে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়েছে।