জলাশয় ভরাটের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দিঘি, পুকুর ও জলাশয় ভরাটের প্রতিবাদে গতকাল রোববার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও পরিবেশ অধিদপ্তরের নীরবতার কারণে জলাশয় ভরাটের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন জনউদ্যোগ, পিপলস ভয়েস ও পরিবেশ ছাত্র ফোরাম। পিপলস ভয়েসের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিস আলীর সভাপতিত্বে সমাবেশে জনউদ্যোগের সমন্বয়কারী শরীফ চৌহান, বর্ণালীর পক্ষে সালাউদ্দিন কবির, সংশপ্তকের সৌরভ বড়ুয়া, কায়সার আলম, পরিবেশ ছাত্র ফোরামের সৈয়দ মোহাম্মদ আতিকুর রহমান, আবদুল্লাহ আল মনসুর, প্রিন্স রুবেল প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, শহরের হালিশহর ও হামজারবাগ এলাকায় শতাধিক বছরের পুরোনো দুটি দিঘি ভরাটের পাঁয়তারা চলছে। পাশাপাশি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আসকার দিঘিটি সরাসরি ভরাট না করে আবর্জনা জমিয়ে ভরাটের প্রক্রিয়া চলছে। তাঁরা আরও বলেন, সিডিএর ১৯৯৫ সালে করা ড্রেনেজ মাস্টার প্ল্যান ও ডিটেইলড এরিয়া প্ল্যানে জলাশয় রক্ষার পরিকল্পনা করা আছে। কিন্তু প্রশাসনের নাকের ডগায় অবাধে জলাশয় ভরাট চলছে। সিডিএ ও পরিবেশ অধিদপ্তর নির্বিকার। সমাবেশে সংহতি প্রকাশ করে যুব রেডক্রিসেন্ট, বর্ণালী, সংশপ্তক, দৃষ্টিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।