জলাশয় শুকিয়ে মাছ শিকার প্রজাতি বিলুপ্তির আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলায় আইন লঙ্ঘন করে খাল, বিলসহ জলাশয় সেচে শুকিয়ে অবাধে মাছ শিকার চলছে। এতে করে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
তিনজন পরিবেশ বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেছেন, জলাশয় শুকিয়ে মাছ শিকার করা উচিত নয়। এভাবে মাছ শিকারের ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এমনকি এতে করে মাছের প্রজাতি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে পারে।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের অধ্যাপক শাহাব উদ্দিন বলেন, এভাবে প্রতিবছরই জলাশয় শুকিয়ে মাছ শিকার করলে একসময় মাছের প্রজাতি একেবারেই বিলুপ্ত হবে। কোনোভাবেই জলাশয় সেচে শুকিয়ে ফেলা যাবে না। এ ক্ষেত্রে প্রশাসনকে অবশ্যই কঠোর হতে হবে।
সরেজমিনে দেখা গেছে, কার্তিক মাসের শুরু থেকেই সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন হাওরসংলগ্ন জলাশয়গুলোতে পানি কমতে শুরু করে। স্থানীয়রা সেচ দিয়ে জলাশয়গুলো শুকিয়ে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছেন। এমনকি কাদাপানিতে লুকিয়ে থাকা মাছও ধরা হচ্ছে। সদর উপজেলার নীলগাঁও, চেঙ্গেরখাল, চানপুর, বাউরকান্দি ও দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও, চণ্ডীপুল বিল, পারাইর হাওর, দোবাগীর হাওর, খালেরমুখ এলাকায় জলাশয় শুকিয়ে মাছ ধরার প্রবণতা বেশি দেখা গেছে।
জেলা মৎস্য কর্মকর্তা শঙ্কর রঞ্জন দাশ বলেন, ‘প্রায় সময় আমরা যখন জলাশয় শুকিয়ে ফেলার খবর পাই, তখন সেখানে যেতে যেতেই মাছ আহরণ করে ফেলা হয়। তাই সেই অর্থে ব্যবস্থা নেওয়াও সম্ভব হয় না। তবে সেচে যেন কেউ মাছ না ধরেন, সে জন্য আমরা প্রায়ই সচেতনতামূলক প্রচারণা চালাই।’
সম্প্রতি দক্ষিণ সুরমা উপজেলার খালেরমুখ এলাকার পাশের একটি বিলে মাছ শিকার করছিলেন কাইয়ুম মিয়া (৪২)। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই দেখে আসছি পানি কমলে বিল শুকিয়ে সবাই মাছ শিকার করেন। আমিও করছি। এটি দোষের কি না, তা জানি না।’ বিল সেচে মাছ ধরার কাজে নিয়োজিত অন্তত আটজন বলেন, বর্ষা মৌসুম শেষ হওয়ায় বিল, খাল ও জলাশয়গুলোতে পানি এমনিতেই কমে গেছে। যে অল্প পানি রয়েছে, তাও শুকিয়ে ফেলা হচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, পানি সেচে মাছ ধরায় মা-মাছের আধার নষ্ট হয়ে পড়ছে। এসব কাজ ঠেকাতে মৎস্য অধিদপ্তর ও সংশ্লিষ্টদের তৎপরতা আরও বাড়ানো দরকার।