জলাশয়ে ডুবে শিশুর ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে গতকাল শনিবার পানিতে ডুবে নিয়ামত উল্লাহ নামের দুই বছরের এক ছেলে শিশু ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হূদয় মিয়া নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলার বড্ডাপাড়া গ্রামের আবদুল ওয়াদুদের শিশুপুত্র নিয়ামত উল্লাহ বাড়ির পাশে জলাশয়ে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে গতকাল সকালে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া গ্রামের সৈয়দ আক্কাস মিয়ার বাড়িতে কাজ করতে এসে হূদয় মিয়া নামের এক নির্মাণশ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাঁর বাড়ি উপজেলার টিঘর গ্রামে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, এ রকম দুটি ঘটনার কথা শুনেছি, তবে লিখিতভাবে কেউ আমাদের জানায়নি।