জলাশয়ে হাঁস ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষায় গত শুক্রবার বিকেলে জলাশয়ে হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।জানা গেছে, বাঁশিতে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি জলাশয়ে ১০টি পাতিহাঁস ছেড়ে দেওয়া হয়। এরপর শুরু হয় হাঁস ধরার প্রতিযোগিতা। বেলা তিনটা থেকে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা হাঁস ধরার দাপাদাপিতে মুখর হয়ে ওঠে জলাশয় এলাকা। এই খেলা দেখতে উৎসুক মানুষ ভিড় জমায় চারপাশে।রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ সভাপতি আহেমদ আলী ওই হাঁস ধরা খেলার আয়োজন করেন। তিনি জানান, চলনবিল এলাকার মানুষকে সাঁতার কাটতে উৎসাহিত করার লক্ষ্যে ‘সাঁতার কাটুন, সুস্থ থাকুন, ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়তা করুন’ শীর্ষক স্লোগান নিয়ে জলাশয়ে হাঁস ধরা খেলার উদ্যোগ নেওয়া হয়। এই খেলায় প্রায় ১০০ প্রতিযোগী অংশ নেন। এক ঘণ্টা ২০ মিনিটের মাথায় প্রথম হাঁস ধরেন আশরাফ আলী (৩০)। তিনি ধারাবারিষা গ্রামের সোনার প্রামাণিকের ছেলে। এরপর পর্যায়ক্রমে টিপু ফকির, রনি, সোহেল, দুলাল, মনি, মনি-২, হামিদুল, শফি ও মবিদুল একে একে ১০টি হাঁসই ধরে ফেলেন। শেষে সব প্রতিযোগীকে ধরা হাঁসসহ একটি করে লুঙ্গি উপহার দেওয়া হয়।গ্রামের প্রবীণ স্কুল শিক্ষক সোহরাব হোসেন বলেন, দীর্ঘদিন এলাকায় ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না। অনেক দিন পর এ ধরনের ব্যতিক্রমী খেলার উদ্যোগ নেওয়ায় সবার মধ্যে নতুন উদ্যম লক্ষ করা গেছে। ধারাবারিষা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন মাস্টার বলেন, ‘হাঁস ধরা খেলার মাধ্যমে মানুষকে সাঁতার খেলায় উদ্বুদ্ধ করায় এলাকার মানুষ বেজায় খুশি।’