জলাশয়ে হাঁস ধরা খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের বরুনাগাঁওয়ের বামন পুকুরে গতকাল হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো
ঠাকুরগাঁওয়ের বরুনাগাঁওয়ের বামন পুকুরে গতকাল হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

জলাশয়ে জনা পনেরো কিশোর-যুবক কখনো সাঁতার, আবার কখনো ডুবসাঁতারে একটি হাঁসের পেছনে ছুটছে। আধা ঘণ্টার দাপাদাপিতে অবশেষে এক যুবকের হাতে ধরা দেয় হাঁসটি। সেই সঙ্গে উৎসুক মানুষ চিৎকার ও করতালি দিয়ে অভিনন্দন জানান তাঁকে। সেই যুবকটিও হাঁসটি দুই হাতে তুলে ধরে অভিনন্দনের জবাব দেন।
গতকাল রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁওয়ের বামন পুকুরে হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বাঁশিতে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে জলাশয়ের মাঝখানে একটি পাতিহাঁস ছেড়ে দেওয়া হয়। এরপর শুরু হয় হাঁস ধরার প্রতিযোগিতা। বেলা ১১টার দিকে প্রতিযোগিতা শুরু হয়ে চলে পাঁচ পর্বে। ঘণ্টা তিনেক হাঁস ধরার দাপাদাপিতে মুখর হয়ে ওঠে জলাশয়ের চারপাশ।
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আল মামুন, আতাউর রহমান, কেরামত হোসেনসহ কয়েকজন ওই হাঁস ধরা প্রতিযোগিতার আয়োজন করেন।
আল মামুন বলেন, ‘আমাদের এলাকার ঐতিহ্যবাহী সব খেলা হারিয়ে যেতে বসেছে। হারিয়ে যাওয়া এমন সব খেলা নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে জলাশয়ে হাঁস ধরা প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এই খেলার পাঁচ পর্বে প্রায় ১০০ প্রতিযোগী অংশ নেন। আর খেলা উপভোগ করেন কয়েক শ মানুষ।
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিশাত আতিয়ার রহমান প্রতিযোগিতা দেখতে এসে জানায়, এমন খেলা এর আগে কখনো সে দেখেনি। এবার দেখে সে খুবই আনন্দ পেয়েছে।